নীল রায়।
দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণের পর সংসদের প্রথম অধিবেশনেই ঝড়ের গতিতে “ব্যাটিং” করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সদ্য সমাপ্ত সংসদ অধিবেশনে মোদি সরকারের তিন তালাক বিল পাশ থেকে শুরু করে কাশ্মীর থেকে ৩৭০ ও ৩৫এ ধারা প্রত্যাহার ভারতীয় রাজনীতিতে স্মরণীয় ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে গিয়েছে। লোকসভা ভোটে জোর ধাক্কা খেয়ে ৩৪ থেকে ২২-এ নেমে যাওয়া তৃণমূলকে সংসদ অধিবেশনে পাওয়া যায়নি পুরোনো ঝাঁজে। বাংলার রাজনীতিতে মমতা বন্দোপাধ্যায় এখন প্রশান্ত কিশোর নির্ভর। কিন্তু সংসদের বিজেপি সরকারের গতিকে কিছুটা চ্যালেঞ্জ জানাতেই আচমকা বিধানসভা অধিবেশনের ডাক দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
আচমকা ডাকা এই অধিবেশন শুরু হচ্ছে ২৬ আগস্ট থেকে, চলবে ৬ সেপ্টেম্বর অবধি। বিধানসভার বাদল অধিবেশন গত জুলাই মাসের শেষ হয়ে গিয়েছে। কিন্তু আচমকাই সরকারপক্ষ আবার বিধানসভা অধিবেশন ডেকে দেওয়ায় কিছুটা সংশয় তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে। সম্প্রতি জানা গিয়েছে দু সপ্তাহের এই অধিবেশনে “মব লিঞ্চিং” বা গণপিটুনির বিরুদ্ধে বিল আনবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সূত্রের খবর, “মব লিঞ্চিং” বিল এনে ঘটনায় অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করতে চায় রাজ্য সরকার। এ প্রসঙ্গে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
তবে বিধানসভা সচিবালয় সূত্রে খবর, “মব লিঞ্চিং” বিল আসছেই। মূলত এই বিলটির জন্যেই নতুন করে অধিবেশন বসানো হচ্ছে। এর অবশ্য একটি রাজনৈতিক দৃষ্টিকোণও রয়েছে। গত কয়েক বছরে দেশের বিভিন্ন প্রান্তে গণপিটুনির ঘটনায় মানুষ মারা গিয়েছে। যখনই এমন ঘটনা ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজনৈতিক বিরোধী দলগুলি বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের দিকে আঙ্গুল তুলেছে। সেইমতো সম্প্রতি রাজস্থানের কংগ্রেস পরিচালিত অশোক গেহলট সরকার গণপিটুনির বিরুদ্ধে বিধানসভায় বিল পাস করে আইন তৈরি করেছে। এবার সেই পথেই হেঁটে বিজেপিকে জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুধু “মব লিঞ্চিং” বা গণপিটুনিতে বিজেপিকে দায়ী করে বিধানসভায় বিল পাস করাই নয়। যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে একের পর এক বিল পাস করেছেন। সঙ্গে গোটা দেশে আলোচনার পাত্র হয়েছেন। তাতে পাল্টা “মব লিঞ্চিং” বিল পাস করে বাংলার রাজনীতিতে সেই রকমই প্রভাব ফেলতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার এই কৌশল কতদূর কার্যকর হবে তা বলবে সময়!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news