নিজস্ব সংবাদদাতা:
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার ‘ভারত রত্ন’ দেওয়ার দাবি জানাল অল ইন্ডিয়া মাইনরিটি ফোরাম। ফোরামের পক্ষে সাধারণ সম্পাদক তথা তৃণমূল সাংসদ ইদ্রিস আলি সাংবাদিক বৈঠকে এই দাবি তোলেন। পাশাপাশি দেশের প্রথম শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদের নামে একটি মেট্রো স্টেশনের নামকরণ করার দাবিও জানান তিনি। জাতীয় শিক্ষা দিবসের দিন আজাদকে শ্রদ্ধা জানাতেই এই দাবি বলে জানিয়েছেন ইদ্রিস।
এদিনের সাংবাদিক বৈঠকে ইদ্রিস আলি ছাড়াও উপস্থিত ছিলেন, নাখদা মসজিদের ইমাম মৌলানা ক্কারি সফিক কাসমি, রামকৃষ্ণ সারদামনি মিশনের মহারাজ উত্তমানন্দ, ডঃ অরুনজ্যোতি ভিক্ষু, বিসপ এস বিশ্বাস, হাজি আমিন আনসারি, মহঃ এতেশামুল হক সহ বিশিষ্ট ব্যাক্তিরা।
এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মা টেরেসার সঙ্গে তুলনা করেন ইদ্রিস। এরপই মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ভারত রত্ন’ দেওয়ার দাবি করেন। জানা গিয়েছে, এইমর্মে ১০ অক্টোবর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে দাবিপত্র পাঠিয়ে দিয়েছে অল ইন্ডিয়া মাইনরিটি ফোরাম। সেই চিঠিতে বলা হয়েছে মুখ্যমন্ত্রী সততার প্রতীক, ভারতের রাজনীতিতে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর বলিদান, সাম্প্রদায়িক সম্প্রীতিতে তাঁর অবদান এবং রাজ্যের উন্নয়নে তাঁর চিন্তা ভাবনায় আজ বিশ্বের দরবারে পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল হয়েছে। বিশেষ করে ‘কন্যাশ্রী’ প্রকল্প চালু করে তিনি গোটা বিশ্বে অনন্য নজির সৃষ্টি করেছেন। রাষ্ট্রসংঘ এই প্রকল্পকে স্বীকৃতি দিয়েছে। তাঁরই উদ্যোগে বাংলার ‘কন্যাশ্রী’ আজ বিশ্বের ‘কন্যাশ্রী’ হয়ে উঠেছে। সেই চিঠিতে এও জানান হয়েছে, যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে কলঙ্কের দাগ পড়েনি, তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি কেউ।
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, অটল বিহারী বাজপেয়ী সহ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়, গোপিনাথ বরদলোই-এর মত রাজনৈতিক নেতারা অতীতে ভারত রত্ন পেয়েছেন। সেই উদাহরণ সামনে এনে মমতা বন্দোপাধ্যায়কেও ‘ভারত রত্ন’ সম্মান দেওয়ার দাবি তুলেছে অল ইন্ডিয়া মাইনরিটি ফোরাম।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news