নিজস্ব সংবাদদাতা:
স্কুলে ছাত্রছাত্রীরা এসেছে। শিক্ষকরাও। নিয়ম মতো ক্লাশ হল। প্রায় দু’মাস পর স্বাভাবিক চেহারায় ফিরল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের বহু চর্চিত দাড়িভিট উচ্চ বিদ্যালয়। খুশি স্কুলের ছাত্রছাত্রী থেকে শিক্ষকেরা। তবে অভিশপ্ত ২০ সেপ্টেম্বরের আতঙ্কের ছাপ আজও রয়েছে। ফলে স্কুলে ছাত্রছাত্রীর উপস্থিতির হার ছিল কম।
‘উর্দু মাধ্যমের শিক্ষক নয়, চাই বাংলা মাধ্যমের শিক্ষক’ ইসলামপুরের দাড়িভিট স্কুলে ছাত্রছাত্রীদের এই আন্দলনকে কেন্দ্র করে ছাত্র-পুলিশ সংঘর্ষে দুজন প্রাক্তন ছাত্রের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনার পর থেকে উত্তাল হয়ে ওঠে উত্তর দিনাজপুর জেলা সহ গোটা রাজ্য। নিহত দুই ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মনের পরিবার ও গ্রামবাসীদের পক্ষ থেকে ছাত্র মৃত্যুর ঘটনার সিবিআই তদন্তের দাবিতে বন্ধ করে দেওয়া হয় বিদ্যালয়। রাজ্য সরকারের তরফে ঘটনার সিআইডি তদন্তের নির্দেশ দিলেও তা মানতে নারাজ মৃত রাজেশ ও তাপসের পরিবার ও গ্রামবাসীরা। শুরু হয় সিবিআই তদন্তের দাবিতে লাগাতার আন্দোলন। অবশেষে আন্দোলনকে জিইয়ে রেখেই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ-এর কথা চিন্তা করে স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেন আন্দোলনকারীরা।

গত ১০ নভেম্বর স্কুল চালু করতে গিয়েও বাধার মুখে পরে প্রশাসন। পরে স্কুল খুললেও ততক্ষণে ছাত্রছাত্রীরা ফিরে যায়। আজ সোমবার স্কুল খুলতেই প্রথমেই মৃত দুই প্রাক্তন ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মনের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন করে স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক ও শিক্ষাকর্মীরা। দুমাস পর ফের পঠন পাঠন শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি ছাত্রছাত্রীরা। তবে তাদের মনে আজও সেদিনের সেই ভয়াবহ অভিজ্ঞতা তাড়া করে বেড়াচ্ছে। আতঙ্ক, আবার যদি সেই ঘটনার পুনরাবৃত্তি হয়।
এদিকে স্কুল খুলতে দেওয়া হলেও পুলিশ-ছাত্র সংঘর্ষে দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি এবং ধৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দলোন চালিয়ে যাবেন মৃত দুই ছাত্রের পরিবার ও গ্রামবাসীরা। এদিকে কলকাতা হাইকোর্ট দাড়িভিট স্কুল সম্পর্কিত রাজ্য মানবাধিকার কমিশনের রিপোর্ট চাইল সোমবার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news