Breaking News
Home / TRENDING / জয় পেতে ‘সাইনবোর্ড’ কংগ্রেস আর ‘হার্মাদ’ সিপিএমের ভোটও চাই, বুঝেছেন মমতা

জয় পেতে ‘সাইনবোর্ড’ কংগ্রেস আর ‘হার্মাদ’ সিপিএমের ভোটও চাই, বুঝেছেন মমতা

নীল রায়:

হাওয়া বুঝে এবার সিপিএম ও কংগ্রেস সমর্থকদের কাছেও ভোট চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার শিলিগুড়িতে নির্বাচনী জনসভায় তাঁর আগাগোড়া আক্রমণের অভিমুখ ছিল নরেন্দ্র মোদি ও বিজেপি। মুখ্যমন্ত্রী বলেন, ‘সিপিএম, কংগ্রেস ও বিজেপি একই রাজনীত করছে।’ ‘সকালে সিপিএম, দুপুরে বিজেপি আর রাতে কংগ্রেস? জগাই মাধাই আর গদাইদের ভোট দেবেন না।’ সঙ্গে মমতার আবেদন, ‘কেন দেবেন সিপিএমকে? বাংলায় সিপিএম একটাও আসন জিতবে না। সিপিএমের বন্ধুদের বলব, তাহলে আর আমার ভোট ভাঙছেন কেন? কংগ্রেসের বন্ধুদের বলব, ভোট নষ্ট করবেন না। আমাদের দিন। আমরা দিল্লি দখল করব। পরিবর্তন আনব।’

তৃণমূল নেত্রীর এমনতর মন্তব্য প্রসঙ্গে রাজনৈতিক মহলের ব্যাখ্যা, মমতা বুঝে গিয়েছেন যে এবার রাজ্যের বিরোধী ভোট এক বাক্সে যেতে চলেছে। সেক্ষেত্রে তৃণমূল বিরোধী সিপিএম ও কংগ্রেস ভোটাররা তাঁর দলকে জব্দ করতে ইভিএম-এ গেরুয়া বোতাম টিপতেই পারেন। এভাবে সেই ভোট যাতে কোনওভাবেই নরেন্দ্র মোদির দলের কাছে না যায়, তা রুখতে মরিয়া চেষ্টা চালালেন তৃণমূল সুপ্রিমো। এদিনের সভায় মমতা বলেন, ‘ধর্ম বেচে খাবেন না। মানবতাই ধর্ম। কিছু লোক নতুন ধর্মের আমদানি করেছে। গেরুয়া পরে লাফাচ্ছে। ধর্মের সঙ্গে ভোটের কী সম্পর্ক? ওরা বাইরে গেরুয়া, ভিতরে কালো। নিজেদের স্বার্থে এসব করছে।’ পাশাপাশি, রামনবমী নিয়েও বিজেপিকে আক্রমণ করেন মমতা। তাঁর বক্তব্য, ‘রামনবমী হচ্ছে। কেউ গদা, কেউ তরোয়াল নিয়ে রাস্তায় ভোট চাইতে বেরিয়ে পড়েছে। কার মাথা ফাটাবে? কার গলা কাটবে?’

মমতার মতে, গত লোকসভা ভোটে দার্জিলিঙে জেতার জন্য বিজেপি গোর্খাল্যান্ডের আবেগকে কাজে লাগিয়েছে। আর ভোটের পর এসএস আলুওয়ালিয়া কোনও কাজই করেননি। বিজেপি প্রার্থীকে আক্রমণ করে মমতা বলেন ‘গোর্খাল্যান্ডের নামে আগে ভোট নিয়েছেন এরা। কিছু দিয়েছিলেন আগের সাংসদ? ভোটে লড়তে দার্জিলিঙ থেকে পালিয়ে এবার বর্ধমানে গিয়েছেন। ভূমিপুত্র প্রার্থী দিয়েছি আমরা। ওকে ভোট দিন। বিজেপি কিছুই দেবে না। দার্জিলিঙ থেকেই দিল্লি জয় শুরু করব আমরা। পাহাড় বা সমতলে ওরা ভোট পাবে না। আমার বিশ্বাস, আপনারা ওদের ভোট দেবেন না। লড়াই চালিয়ে যাবো আমরা। দেশের অখণ্ডতা ভাঙতে দেব না।’ এদিনের সভাতেও সেনা ও এনআরসি ইস্যুতে রাজনীতি করা হচ্ছে অভিযোগ তুলে মোদি সরকারকে আক্রমণ করেন মমতা। বলেন, ‘মোদির সেনা? বিজেপির সেনা? দেশের সেনা। রাজনীতি করছে! সেনাদের বলিদান মনে রাখো। খালি দাঙ্গা করলেই হবে? নেতা হলে নেতাজির মতো হতে হবে। দেশ বিক্রির আর দাঙ্গার নেতা চাই না।’
এনআরসি ইস্যুতে মমতার বক্তব্য, ‘বাংলায় এনআরসি হবে না। আপনি নাগরিক। উনি কিসের নাগরিকত্ব দেবে? ওরা আপনাদের বিদেশি বানিয়ে আপনার সম্পত্তি লুটে নেবে। নাগরিকত্ব সংশোধনী বিল মানবে না কেউ। দুর্নীতিগ্রস্ত সরকার। নিজেদের চৌকিদার বলে। ওরা চোর। আমরা চৌকিদার চাই না। জনতার প্রতি ইমানদারকে চাই।’

তবে আসল কথাটি হল, জয় পেতে ‘সাইনবোর্ড’ কংগ্রেস আর ‘হার্মাদ’ সিপিএমের ভোটও চাই, বুঝেছেন মমতা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *