নীল রায়।
বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে লড়াই করার মতো নেতা বাছাই করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ধর্মতলার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সভায় একথা বলেন তিনি। নভেম্বর মাসে ১৪-১৫ তারিখে নেতাজি ইনডোর স্টেডিয়ামে দুদিন ব্যাপী সভায় সরাসরি ছাত্রছাত্রীদের মুখোমুখি হবেন তৃণমূল সুপ্রিমো। এমন উদ্যোগের কথা বলে তিনি বলেন, “বিজেপি সবাইকে চমকাচ্ছে, ভাবছে এভাবেই আমাদের থামানো যাবে। কিন্তু ওঁরা জানে না, যারা এসব দেখেনি তাঁদের ভয় দেখিয়ে থামিয়ে দেওয়া সম্ভব। কিন্তু যাঁরা বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে লড়াই করে এই জায়গায় পৌঁছেছে তাঁদের ভয় দেখিয়ে প্রতিরোধ করা সম্ভব নয়।” আগামী ১৪ ও ১৫ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে একটি সভা। মুখ্যমন্ত্রী বলেন, “সেই সভা থেকেই বেছে নেওয়া হবে আগামীর নেতৃত্ব। যে বিকিয়ে যাবে না, ভয় পাবে না। যাঁকে কোনও ভাবেই প্রতিরোধ করা যাবে না।” ইতিমধ্যেই নেতৃত্ব নির্বাচনের কর্মসূচির জন্য সভামঞ্চ থেকে কয়েকজন তৃণমূল নেতাকে নিয়ে একটি কমিটি গঠনের কথা বললেন মুখ্যমন্ত্রী। সেই কমিটিতে রাখা হয়েছে সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বৈশানর চট্টোপাধ্যায় ও মলয় ঘটককে।
এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপি মিডিয়াকে কিনে নিয়েছে। মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। বন্দুকের নলের সামনে সবাইকে দাঁড় করিয়ে ক্ষমতা লাভের চেষ্টা করছে।” দেশের অর্থনৈতিক সংকটের জন্য মোদি সরকারকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপি বেহিসেবিভাবে দেশ চালাচ্ছে বলেই চরম আর্থিক সংকট তৈরি হয়েছে। রিজার্ভ ব্যাংকেও টাকা নেই।” তিনি আরও বলেন, “বাংলার নাম বদলের ক্ষেত্রে কেন্দ্র বাধা হয়ে দাঁড়াচ্ছে। কেন ? বাংলার সঙ্গে ওদের এত হিংসা।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news