নীল রায়।
কাশ্মীর থেকে ৩৭০ ও ৩৫এ ধারা প্রত্যাহারের পর বিজেপি নেতাদের বিতর্কিত মন্তব্য ঘিরে টুইট মারফত প্রতিবাদ জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে একটি টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি লেখেছেন, “আমরা যারা গুরুত্বপূর্ণ পদে রয়েছি, তাদের কখনই কাশ্মীরের মানুষকে নিয়ে অসংবেদনশীল মন্তব্য করা উচিৎ নয়। এটা শুধু কাশ্মীরের জন্য নয়, গোটা দেশের জন্যই দুঃখজনক”।
দিনকয়েক আগেই উওরপ্রদেশের বিজেপি বিধায়ক বিক্রম সিং সাইনি বলেছিলেন, “এবার আর ফর্সা টুকটুকে কাশ্মীরি মেয়েদের বিয়ে করতে কোনও বাধা রইল না। মোদীজি আমাদের স্বপ্ন পূরণ করেছেন। গোটা দেশের স্বপ্ন পূরণ করেছেন।” বিজেপি বিধায়কের এহেন মন্তব্যে শোরগোল পড়েছিল আগেই। একই পথে হেঁটে ৩৭০ ও ৩৫এ ধারা প্রত্যাহার নিয়ে বিতর্কিত মন্তব্য করেন খোদ হরিয়ানার বিজেপি মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর।
এদিন ফতেহবাদে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বিজেপির হরিয়ানার মুখ্যমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লঞ্চ করা ‘বেটি পড়াও বেটি বাঁচাও’-এর সাফল্য নিয়ে আলোচনা করার সময়ই হঠাৎ খট্টর বলেন, “আমাদের মন্ত্রী ও পি ধনকড় আগে আমায় বলতেন, তিনি বিহার থেকে পুত্রবধু নিয়ে আসবেন। কিন্তু এখন সবাই বলছেন, কাশ্মীরের রাস্তা পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমরা কাশ্মীর থেকেও মেয়ে নিয়ে আসতে পারব।” বিজেপির মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের পাল্টা টুইট করে জবাব দেওয়ার সুযোগ হাতছাড়া করতে চাননি তৃণমূল। মুখ্যমন্ত্রী টুইট করে বোঝাতে চেয়েছেন বিজেপি আসলে ৩৭০ ও ৩৫ এ-র ধারা বিলোপের অপব্যবহার করছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news