নীল রায়।
কলকাতার দুর্গাপুজো কমিটিগুলিকে আয়কর দপ্তরের নোটিশের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে আচমকাই এ বিষয়ে টুইট করলেন তিনি। সঙ্গে আগামী ১৩ আগস্ট সুবোধ মল্লিক স্কোয়ারে দলের বঙ্গ জননী বাহিনীকে ধর্না কর্মসূচি দেওয়ার নির্দেশ দেন। এদিন টুইটে তিনি লেখেন, “আয়কর দপ্তর অনেক দুর্গাপুজো কমিটিকে কর দেওয়ার জন্য নোটিস পাঠিয়েছে। আমরা আমাদের সব জাতীয় উৎসবকে নিয়ে গর্বিত। উৎসব সকলের। কোনও পুজোতে ট্যাক্স বসানো হোক, আমরা চাই না। এটা সংগঠকদের ওপর একটি বাড়তি বোঝা হবে। বাংলা সরকার গঙ্গাসাগর মেলার ওপর থেকে ট্যাক্স সরিয়ে নিয়েছে। আমাদের দাবি, দুর্গা পুজো ও কমিটিগুলির ওপর কোন রকম ট্যাক্স বসানো চলবে না।” সঙ্গে তিনি আরও লেখেন, “আগামী ১৩ই আগস্ট মঙ্গলব সুবোধ মল্লিক স্কোয়ারে হিন্দ সিনেমার বিপরীতে তৃণমূল কংগ্রেসের ‘বঙ্গ জননী’ শাখা ধর্নায় বসবে (সকাল ১০ টা – সন্ধ্যে ৬ টা)। কর্মকর্তারা, অংশগ্রহণকারীরা সহ সকলে, যারা বাংলাকে ভালোবাসেন, আসুন এবং যোগদান করুন।”
বাঙালির সেরা পার্বণ শারদোৎসব। কেন্দ্রীয় সরকার আয়কর দপ্তর মারফত যে এই পুজো কমিটিগুলিকে আইনি বেড়াজালে জড়াতে চাইছে। এদিন টুইটের মাধ্যমে সেই বার্তাই দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। আর আড়াই মাস বাদেই দুর্গোৎসব ঘিরে সাজো সাজো রব পড়ে যাবে বাংলার প্রতিটি কোনায়। এই উৎসবের সঙ্গে জড়িয়ে থাকা বাঙালির ভাবাবেগকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে উস্কে দিতে চাইছেন তিনি, এমনটাই মত রাজনৈতিক মহলের। প্রসঙ্গত, সারধা- রোজভ্যালি চিটফান্ডগুলির টাকায় এক সময় ফুলে-ফেঁপে উঠেছিল তৃণমূল নেতাদের দুর্গাপূজাগুলি। সারধাকাণ্ডের তদন্তে নেমে বিষয়টি নজরে আসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির। পরে এর বিরুদ্ধে সরব হয় আয়কর দপ্তর। কিন্তু তাদের এই পদক্ষেপকে বাঙালির উৎসবে আঘাত করা বলেই মনে করছেন মমতা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news