Breaking News
Home / TRENDING / ‘বিজেপি বাংলার পাপ’, মমতা কি শ্যামাপ্রসাদকে অপমান করলেন? রণংদেহি সঙ্ঘ-বিজেপি

‘বিজেপি বাংলার পাপ’, মমতা কি শ্যামাপ্রসাদকে অপমান করলেন? রণংদেহি সঙ্ঘ-বিজেপি

নিজস্ব সংবাদদাতা:

শুক্রবার দীঘাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা পার্টি সম্পর্কে এমন একটি মন্তব্য করেছেন যা একটি বিতর্কের জন্ম তো দিয়েছেই একই সঙ্গে তুলেছে সমালোচনার ঝড়।
কী বলেছেন মমতা? সিএবি নিয়ে বলতে গিয়ে মমতা এদিন বলেন, বিজেপি হল বাংলার পাপ এবং ভারতবর্ষের অভিশাপ।
শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে কথা বলার প্রবণতা যে মমতার আছে তা এতদিনে কারও অজানা নয়। তবে এদিনের বক্তব্যে বিজেপিকে ‘বাংলার পাপ’ বলে অভিহিত করে তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বকে অসম্মান করেছেন বলেই মনে করছেন অনেকে। একথা সকলেরই জানা বাংলার মাটিতেই শ্যামাপ্রসাদ জনসঙ্ঘের সূচনা করেন পরবর্তীতে যা বিজেপিতে পরিণত হয়। ফলতঃ ‘বাংলার পাপ’ বলে যে তিনি শ্যামাপ্রসাদকেই বিদ্ধ করতে চেয়েছেন সে ব্যাপারে সন্দেহের অবকাশ নেই বলেই অনেকে মনে করছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রিসার্চ ফাউন্ডেসনের কর্ণধার অনির্বাণ গঙ্গোপাধ্যায় মমতার এ হেন উক্তি শুনে এদিন ক্ষোভে ফেটে পড়েন। তিনি বলেন,
“সত্যি বলতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেতনার যা স্তর তা দিয়ে ভদ্র রাজনীতি হয় না। ফলে ওঁনার পক্ষে ‘বিজেপি বাংলার পাপ’ ইত্যদি বলাটা স্বাভাবিক। তাছাড়া এরকম ‘কাব্যিক’ প্রতিক্রিয়া দিয়ে হয়তো ভাবছেন নোবেল প্রাইজ পাবেন টাবেন, কবিতা লেখেন বলে শুনেছি! যাকগে, আসল কথা হল মমতা বন্দ্যোপাধ্যায় বাঙলি হিন্দু, বাঙালি হিন্দু শরণার্থী এবং পশ্চিমবঙ্গের সামগ্রিক ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করছেন। পশ্চিমবাংলাকে ভারত থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছেন। এবং বাঙালি হিন্দুরা যাতে পশ্চিমবাংলায় মাথা উঁচু করে না থাকতে পারে, তারও আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন মমতা। কেন করছেন?
কারণ, উনি যে ভোটব্যাংকের উপর ভিত্তি করে রাজনীতি করেন তারা হল অবৈধ অনুপ্রবেশকারী, শরণার্থী না তারা। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন যে উনি ৩০% ভোট পান বলে লক্ষ লক্ষ বাঙালির ভবিষ্যৎ ধ্বংস করতে পারেন, তাহলে খুব ভুল ভাবছেন। আগামী দিনে সেটা পরিষ্কার হয়ে যাবে। অতএব, আমি বলব, মমতা ও এবং তাঁর দলই আসলে পশ্চিমবঙ্গ ও ভারতের জন্য পাপ এবং অভিশাপ।
এইসঙ্গে মনে করিয়ে দেব, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে কারণে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন, জীবনের শেষ অংশে শরণার্থীদের জন্য যে সংঘর্ষ ওঁর। যে কারণে শ্যামাপ্রসাদ পশ্চিমবঙ্গের রূপকার। মনে রাখতে হবে, শ্যামাপ্রসাদের মধ্যে এপার বাংলা ওপার বাংলার বাঙালিদের নিয়ে কোনওরকম ভেদাভেদ ছিল না। এক বাংলার স্বপ্ন দেখেছিলেন উনি। বাঙালি হিন্দু যেখানেই থাকুন তারা এক বলেই মনে করতেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এই জন্যই তো পশ্চিমবঙ্গের গঠন করেছিলেন। যাতে বাঙালি হিন্দুর ভবিষ্যৎ সুরক্ষিত হয়। বলা যায়, ঘুরেফিরে ৬৯ বছর পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সেই স্বপ্ন সফল হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজার রাজনীতি যা রুখতে পারবে না।
বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘পাপ কাজের’ জন্যই আজ মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের বাসিন্দা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। একজন সংসদীয় গণতন্ত্রে অংশগ্রহণকারী মানুষের পক্ষে এমন মন্তব্য করা সমীচীন নয়।”
বৈষ্ণবনগরের বিজেপি বিধায়ক স্বাধীন সরকারের বক্তব্য, “সারা দেশের কাছে লজ্জা হল তৃণমূল কংগ্রেস। যারা রাষ্ট্র মানে না, রাষ্ট্রপতি মানে‌ না, রাজ্যপাল মানে না। তাঁদের দলের নেত্রীর কাছে এর থেকে বেশি কিছু প্রত্যাশিত নয়। ভারতের মানুষের পাপ হচ্ছে তৃণমূল। যা তারা প্রতিনিয়ত প্রমাণ করে চলেছে।”
সাংবাদিককতা সূত্রে মমতাকে দীর্ঘদিন ধরে কাছ থেকে চেনেন বিজেপি নেতা ও লেখক রন্তিদেব সেনগুপ্ত। মমতার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁর অভিমত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা পার্টির ইতিহাস জানেন না। এমনকি ভারতের ইতিহাস, পশ্চিমবঙ্গের ইতিহাস সম্বন্ধেও তিনি অবহিত নন। এই ভারতীয় জনতা পার্টি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিষ্ঠিত জনসঙ্ঘ থেকে সৃষ্টি এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের জনক। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে, আজ আমরা এই পশ্চিমবঙ্গকে পেতাম না। যখন মুসলিম লিগ এবং জিন্নাহ সমগ্র বাংলাকে দখল করার প্রয়াস করেছিলেন। সেই সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই ব্যক্তি, যিনি জিন্নাহর কবল থেকে পশ্চিমবঙ্গকে ছিনিয়ে এনেছিলেন। যদি এখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকতেন, তাহলে এই পশ্চিমবঙ্গ হত না এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও এখানকার মুখ্যমন্ত্রী হতেন না। অর্থাৎ তাঁর এই কথার মানে হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বকে অপমান করা।
রন্তিদেব আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি সমগ্র ভারতের অভিশাপ। উনি এত মুসলিম প্রেমের কথা বলেন, বিজেপি হচ্ছে একমাত্র দল যারা তাৎক্ষণিক তিন তালাকের মতো একটি ঘৃণ্য নীতিকে নিষিদ্ধ করেছে এবং মুসলিম মহিলারা দু’হাত তুলে আশীর্বাদ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাহস হয়নি এমনটা করার। তারা বিরোধিতা করেছিলেন। মুসলিম মহিলাদের কাছে মমতা গিয়ে জেনে আসুন তারা বিজেপিকে কি চোখে দেখেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় মুসলিম সমাজ উঠবে না বসবেও না।

রন্তিদেবের বক্তব্য, এই মমতা বন্দ্যোপাধ্যায় একদিন ভারতীয় জনতা পার্টির সরকারের শরিক ছিলেন। তাঁকে মন্ত্রীত্ব দিয়েছিল বিজেপি। তাঁর রাজনৈতিক প্রতিষ্ঠার পিছনে বিজেপি রয়েছে। তিনি আজকে ভারতীয় জনতা পার্টিকে অপমান করছেন।
মমতা সম্পর্কে এদিন রন্তিদেব ছিলেন রণংদেহি মেজাজে। বলেন, যিনি (মমতা) নিজে এবং যাঁর দল সারদা কেলেঙ্কারিতে জড়িয়ে থাকে। যাঁর দলের নেতারা তোলাবাজি, দুর্নীতিতে জড়িত। যাঁর দল নির্বাচনের সময় খুন, জখম, রাহাজানি করে, তাঁর মুখে এসব মানায় না। তিনি আগে নিজে পাপ মুক্ত হন, তারপর ভারতীয় জনতা পার্টিকে বলবেন।
সব মিলিয়ে মমতার মন্তব্যে সিএবি বিতর্কে এসে গেছে শ্যামাপ্রসাদ পসঙ্গ এবং উঠেছে সমালোচনার ঝড়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *