নীল রায়:
তারাপীঠ, মায়াপুর, তারকেশ্বর, দক্ষিণেশ্বর, কালীঘাট দেখিয়ে ভোট চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রানিগঞ্জে দলের প্রার্থীর সমর্থনে জনসভা করেন তিনি। হাতছাড়া হিন্দু ভোটব্যাঙ্ক ফেরাতে মমতা বলেন, “আমরা কি বিজেপির জন্মের পরই পুজো শুরু করেছি? বাংলায় তারাপীঠ, মায়াপুর, তারকেশ্বর, দক্ষিণেশ্বর, কালীঘাট দেখে আসুন। আর ওঁরা রাম মন্দিরের নাম করেই যাচ্ছে। বানাতে আর পারবে না। খালি মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। গতবার ভোটের আগে বলেছিল, ১৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। নোটবন্দির নামে ধাপ্পা দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “এখানে কি দুর্গাপুজো করতে দেওয়া হয় না? প্রচারের সময় বসন্তের কোকিলের মতো এসে বলছে, এখানে নাকি দুর্গাপুজো করা যায় না!”
প্রসঙ্গত, গত লোকসভা ভোটে বাঁকুড়া থেকে নির্বাচিত সাংসদ মুনমুন সেনকে এবার আসানসোল থেকে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোলের বিজেপি সাংসদ জনপ্রিয় গায়ক বাবুল সুপ্রিয়। এই আসনে জয়ের সম্ভাবনা যে কম তা ভালোভাবেই জানেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নাম না করে বাবুলকে উদ্দেশ্য করে মমতা বলেন, “না জানেন বাংলার সংস্কৃতি, না জানেন বিহারের সংস্কৃতি। অশ্লীল ভাষায় খালি গালিগালাজ করতে জানেন। মা-বোনেদের কাছে অনুরোধ, ওঁকে ভোট দেবেন না।” মুনমুন সেনের মা সুচিত্রা সেন তাও উল্লেখ করেন মমতা। হিন্দিভাষীদের প্রাধান্য রয়েছে রানিগঞ্জে। মুখ্যমন্ত্রী বলেন, “এখানে ছটেও ছুটি দেওয়া হয়। দোলেও যেমন ছুটি থাকে, তেমনই হোলিতেও থাকে। সব ধর্মকেই সম্মান দেওয়া হয়। দাঙ্গার সংস্কৃতি বাংলার সংস্কৃতি নয়।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news