নীল রায়:
নরেন্দ্র মোদির ৫৬ ইঞ্চি ছাতির কথা জেনেই তাঁকে কুর্তা উপহার পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এভাবেই বাংলার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা তথা বিশিষ্ট অভিনেতা রাজ বব্বর। শুক্রবার দুপুরে বিধান ভবনে প্রদীপ ভট্টাচার্য্য ও সোমেন মিত্রকে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এই বর্ষীয়ান নেতা। সম্প্রতি অভিনেতা অক্ষয় কুমারকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, নিজে পছন্দ ক’রে তাঁকে কুর্তা ও বাংলার মিষ্টি পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই বাম ও কংগ্রেস একযোগে আক্রমণ শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদিকে। তারা অভিযোগে করেন, বাহ্যিকভাবে পরস্পরকে কড়া কথা বললেও, গোপন আঁতাত করে চলছেন তাঁরা।
এদিন সেই অভিযোগ করেই রাজ বব্বর বলেন, “বোঝাই যাচ্ছে নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে গোপন সমঝোতা রয়েছে। আর প্রধানমন্ত্রীকে কুর্তা ও মিষ্টি পাঠানোর কথা প্রকাশ্যে স্বীকার করায় তাঁদের যোগসাজশের কথাই প্রকাশ পেয়ে গিয়েছে।” তিনি আরও বলেন, “নরেন্দ্র মোদির ছাতি ছাপান্ন ইঞ্চি। এটা সবাই জানে। কিন্তু, তা সবচেয়ে ভালো জানেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তো তিনি সঠিক মাপের কুর্তা প্রধানমন্ত্রীকে পাঠাতে পেরেছেন।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news