চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
বাঙালি অস্মিতার জিগির তুলে একুশের নির্বাচনে কী উগ্র আঞ্চলিকতাবাদকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) হাতিয়ার করতে চলেছেন ? মঙ্গলবার শহীদ দিবসের ভার্চুয়াল সভার পর এমনই প্রশ্ন উঠে গিয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। কারণে দিনের সমাবেশে মুখ্যমন্ত্রী বলেছেন, “আমি তাদের বলছি, তোমাদের জন্মটা কোথায় শুনি! কখনও তো শুনিনি রাজনীতি করেছেন। কখনও তো শুনিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। খালি ধ্বংসের কথা! এতই সহজ! বাংলাকে অপমানের বদলা নেব। বদলা নেব মানবিকতা দিয়ে। জেনে রাখো, বহিরাগতরা বাংলাকে শাসন করবে না। বাংলাকে শাসন করবে বাংলার মানুষ। বহিরাগতরা করবে না।” তিনি আরও বলেছেন, “আজ একুশের সমাবেশ থেকে শপথ নিন, একুশের ভোটে বিজেপির জামানত বাজেয়াপ্ত করে বাংলায় বাংলার মানুষ শাসন করবে নিশ্চিত করুন। গুজরাট বাংলা শাসন করবে না।”
তাঁর কথায়, “গুজরাত কি সব রাজ্যকে শাসন করবে? তা হলে আর নির্বাচন কমিশন থাকার দরকার কী। তুলে দিন। একটা দেশ একটাই রাজনৈতিক দল থাকুক।” মমতা আরও বলেন, “কেন্দ্রে ক্ষমতায় আছে বলে গায়ের জোর? কখনও বলছে এনকাউন্টার করো, কখনও বলছে হিংসা করো, আপনাদের রাজনৈতিক জন্ম কোথায়? অনেকের তো নামই শুনিনি। কবে রাজনীতিতে এল ভাই! আমফান হল, বিজেপির কী নাচানাচি বাপরে!” স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, নবান্নের ক্ষমতার চাবি ধরে রাখতেই কি আঞ্চলিকতাবাদের আশ্রয় নিতে চলেছেন তৃণমূল (TMC) সুপ্রিমো ?
প্রসঙ্গে অবশ্য জবাব দিয়েছেন বিজেপি নেতা রন্তিদেব সেনগুপ্ত (Rantidev Sengupta)। তিনি বলেছেন, “আমরা সবাই ভারতবাসী, এখানে এক প্রদেশের মানুষকে আমরা অন্য প্রদেশে গেলে তাঁকে বহিরাগত বলতে পারি না। একথা বলা কখনওই ঠিক হবে না। এই ধরনের মানসিকতাকে আমরা আঞ্চলিকতাবাদ বলি। এই ধরনের মানসিকতাই আঞ্চলিকতাবাদকে প্রশ্রয় দেয়। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে যান, সেখানকার মানুষের যদি বলেন এখানে বাংলার মুখ্যমন্ত্রীকে ঢুকতে দেবো না। এটা কখনওই কাম্য হবে না।” পরামর্শের কায়দায় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে এই রাজনীতিক বলেছেন, “পশ্চিমবঙ্গে বিজেপি জয়ী হলে এখানে পশ্চিমবঙ্গের মুখ তারাই সরকার গড়বেন। অন্য রাজ্য থেকে কাউকে এনে এখানে মুখ্যমন্ত্রী করা হবে না। এই চিন্তা মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে হবে না। বিজেপি তাদের লোকদের নিয়ে এখানে সরকার গড়বে।”
বিজেপি (BJP) নেতা রন্তিদেব সেনগুপ্তের কথায়, “অন্য রাজ্য থেকে কেউ আমার রাজ্যে এলেই তাকে বহিরাগত তকমা দিয়ে দেবো এটা ঠিক নয়। আমি তাকে বলব আঞ্চলিকতাবাদের এই ধারণা থেকে তিনি বেরিয়ে আসুন। এইসব কথা বলে তিনি আঞ্চলিকতাবাদকে প্রশ্রয় দিচ্ছেন। এতদিন উগ্র মুসলমানকে প্রশ্রয় দিয়েছেন, এখন ক্ষমতা ধরে রাখতে অভ্র আঞ্চলিকতাবাদকে প্রশ্রয় দিতে চাইছেন।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news