নিজস্ব সংবাদদাতা :
“টাকার পিছনে ছুটো না। টাকার বিকল্প আছে, জীবনের বিকল্প নেই”-তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে এমনই বার্তা দিলেন তৃণমূল নেত্রী। তাঁর কথায়, “নিজের কাজ করে যাও, কাজ করতে গেলে লবি করার প্রয়োজন নেই।” দলনেত্রীর বার্তাতেই পরিষ্কার দলের ছাত্র সংগঠনের সভাপতির বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগে যথেষ্ট ক্ষুব্ধ তিনি। তাই কি দলনেত্রীর বক্তৃতায় একবারের জন্যেও শোনা গেল না জয়ার নাম। তাই কি নজিরবিহীন ভাবে এই প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী তে কোনো বক্তব্য রাখতে দেওয়া হল না এখনও পর্যন্ত খাতায় কলমে থাকা ছাত্র পরিষদের সভাপতি জয়া দত্তকে ! ইঙ্গিত স্পষ্ট। জয়ার অপসারণ হচ্ছেই। তবে অনেকে ভেবেছিলেন যে তৃণমূল নেত্রী আজকেই হয়তো তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতির নাম ঘোষণা করবেন। কিন্তু তার বদলে তিনি কোর কমিটি তৈরি করে দিয়ে জানিয়ে দিলেন যে এই কোর কমিটিই পরবর্তী কমিটি তৈরীর বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে মঙ্গলবার মেয়ো রোডের সভায় বক্তব্য রাখার সুযোগ জয়া না পেলেও, সুযোগ পেলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী লগ্নজিতা চট্টোপাধ্যায়, রূমানা আখতার বা বারাসত কলেজের ত্রিবাঙ্কুর ভট্টাচার্য। ফলে দুয়ে দুয়ে চার করে অনেকে ভাবছেন এদের মধ্য থেকেই হয়তো কেউ তৃণমূল ছাত্র পরিষদের পরবর্তী সভাপতি হতে পারেন। অবশ্য রাজনীতির মাঠে দুয়ে দুয়ে চার না হয়ে অনেক সময়েই পাঁচ বা তিন হয়ে যায়।
এদিনের সভা থেকে তৃণমুল নেত্রী একহাত নেন বিজেপি কে। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সংস্থা দিয়ে বিরোধীদের ভাঙার চেষ্টা করছে বিজেপি। মমতার কথায়, কখনও লালু প্রসাদ যাদব, কখনও চন্দ্রবাবু নাইডু, কখনও এম কে স্তালিন, কখনও কংগ্রেস বা কখনও তৃণমূল কংগ্রেস এর পিছনে কেন্দ্রীয় সংস্থাকে লেলিয়ে দিচ্ছে বিজেপি। তৃণমূল নেত্রী অভিযোগ করে বলেন, “আপনি বিদেশী টাকা পার্টি ফান্ডে নিলে কেন তার স্ক্রিনিং হবে না ? আপনি দেশের টাকা বিদেশে পাঠিয়ে এখন আবার সেই টাকা ঘুরিয়ে নিজেদের দলীয় তহবিলে নিয়ে আসছেন।” তৃণমুল নেত্রীর হুঙ্কার, এর জবাব আপনাকে দিতে হবে। পাশাপাশি অসমের জাতীয় নাগরিক পঞ্জির মতো এরাজ্যে তেমন কিছু করতে গেলে রাজ্যের মানুষ তাতে বাঁধা দেবে। মুখ্যমন্ত্রীর কথায়, “এখানে বাঘের বাচ্চারা বসে আছে। এখানে চালু করা (জাতীয় নাগরিক পঞ্জি) এত সহজ নয়।” এমনকি সদ্য প্রয়াত অটল বিহারী বাজপেয়ী কে শ্রদ্ধা জানানোর নাম করে বিজেপি কেচ্ছা করছে বলেও অভিযোগ করেন মমতা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news