নীল রায়:
পুজোর মরসুমেও দলকে কেন্দ্রীয় সরকার বিরোধী আন্দোলনে নামার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোরের দলের শ্রমিক সংগঠনের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, “আপনারা সাহসী হোন। আমি আপনাদের সঙ্গে দুঃসাহসী হব। আমি সাহসী লোকজনকে পছন্দ করি। আর যদি সাহস না দেখিয়ে ভয়ে গুটিয়ে যান, তাহলে আমাকে পাশে পাবেন না।” কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে কর্মসূচিও ঠিক করে দিয়েছেন মমতা। ২৬ সেপ্টেম্বর কাশীপুর গানসেল ফ্যাক্টরি এবং ২৭ তারিখ ডালহৌসিতে কোল ইন্ডিয়ার সামনে অবস্থান করবে তৃণমূল। ১৮ অক্টোবর শিয়ালদহ থেকে ফেয়ারলি প্লেস পর্যন্ত মিছিল করবে শাসক দল। হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। সাংসদদের দায়িত্ব দিয়েছেন দিল্লি, মুম্বই এবং চেন্নাইতে ধরনা অবস্থান কর্মসূচি নেওয়ার।
এনআরসি’র বিরুদ্ধেও সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বাংলায় এনআরসি হবে না। বাংলা কেন, আর কোথাও হবে না। অযথা আতঙ্কে ভুগবেন না। এখানেও এনআরসি’র ভয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। খুবই দুর্ভাগ্যজনক।” তিনি আরও বলেন, “ভাল করে শুনুন, রেশন কার্ড সংশোধন, ভোটার তালিকায় নাম তোলা এবং নাম সংশোধন ইত্যাদির জন্য শিবির শুরু করা হয়েছে। তাতে গিয়ে নাম তুলুন। এটা আপনার ভোটাধিকারের বিষয়। অন্য কিছু নয়। অযথা চিন্তা করবেন না। আমি তো বলছি, এখানে এনআরসি হবে না। আমার কথায় ভরসা রাখুন। কে করবে এখানে এনআরসি? করতে হলে রাজ্যের সাহায্য প্রয়োজন। আমি এখানে তা হতে দেব না। রাজনৈতিক অপপ্রচারে পা দেবেন না। কে বলেছে ১৯৭১ সালের নথি প্রয়োজন? কীভাবে নথি দেবেন? এসবের কোনও প্রয়োজন নেই। বিজেপির হুঁশিয়ারিতে কান দিয়ে নিজেদের জীবন নষ্ট করবেন না।”
মুখ্যমন্ত্রী বলেন, ”যদি ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে কোনও সমস্যা হয়, এলাকার জনপ্রতিনিধিকে সাহায্য করতে বলুন। সেখানেও যদি সাহায্য না পান, তাহলে ‘দিদিকে বলো’র মাধ্যমে আমাকে বলুন। আমি গিয়ে দেখব কে করেনি।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news