ওয়েব ডেস্ক:
আর পুরনো পদ্ধতিতে নয়, এবার দেশের জনগণনা হবে ডিজিটাল পদ্ধতিতে। ফলে আগামী জনগণনা হতে চলেছে ‘ডিজিটাল সেনসাস’। এইসঙ্গে তৈরি করা হবে ন্যাশানাল পপুলেশন রেজিস্টার বা এনপিআর। আজ একথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জেনে রাখা ভালো, জনগণনায় যেমন লোকসংখ্যা গোনা হয় তেমনই এনপিআর’য়ের মাধ্যমে দেশের নাগরিক সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয় ও তা যাচাই করা হয়।
সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘২০২১ সালের জনগণনায় ব্যবহার করা হবে একটি মোবাইল অ্যাপ। এতে করে ডিজিটাল পদ্ধতিতে জনগণনা করা যাবে।’ এদিন দিল্লির একটি অনুষ্ঠানে অমিত শাহ বলেন, ‘আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডির পরিবর্তে আমাদের একটাই কার্ড থাকা উচিত।’ এ থেকে আন্দাজ হয় দেশে এবার এনপিআর তৈরি হতে চলেছে, যার ইঙ্গিত দিয়ে রাখলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রসঙ্গত, এর আগে জনগণনা হয়েছিল ২০১১ সালে। দশ বছর ডিঙিয়ে এবার তা হবে ২০২১ সালে। এর জন্য খরচ হবে ১২,০০০ কোটি টাকা। ২০২১ সালের জনগণনায় তৈরি করা হবে এনপিআর বা ন্যাশানাল পপুলেশন রেজিস্টারও। এতে যাঁরা দরজায় দরজায় গিয়ে জনগণনার তথ্য সংগ্রহ করবেন মোবাইল অ্যাপের ফলে তাঁরা বাড়তি উৎসাহ পাবেন বলেই মনে করছেন শাহ।
চলতি বছরের মার্চ মাসে কেন্দ্র ঘোষণা করেচিল পরবর্তি জনগণনা হবে দুটি ধাপে। একটি শুরু হবে ১ মার্চ ২০২১ থেকে। এর জন্য নোটিস দেওয়া হবে ২০২০ সালের অক্টোবর নাগাদ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news