নীল রায়:
বিজেপি তথা নরেন্দ্র মোদির বিরুদ্ধে কোনও অস্ত্র বাদ রাখছেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হুগলির শ্রীরামপুরে প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আয়োজিত জনসভায় কালো টাকা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কালো টাকা সব বিদেশে পাঠিয়ে দিয়েছেন মোদি। সেই টাকা এখন নির্বাচনে খরচ করা হচ্ছে। দিল্লিতে নতুন সরকার ক্ষমতা এলে সব দুর্নীতির পর্দাফাঁস হবে।” তিনি আরও বলেন ,”নোট বাতিল করে আপনাদের চাকরি বাতিল করতে পারে, তাহলে আপনারা কেন মোদিবাবুকে বাতিল করবেন না?”
মঙ্গলবার আসানসোলের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হতে চেয়ে দেশের প্রধানমন্ত্রীর পদকে নিলামে চড়াতে চাইছেন। এদিন কালো টাকা নিয়ে তাই পাল্টা মোদিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। মমতা আরও বলেন, “নোটবন্দি করে কালো টাকা উদ্ধার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি। দেশবাসীর অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেওয়ার কথাও বলেছিলেন। আপনারা কী পকেটমানি পেয়েছেন?” কিন্তু মোদির বিরুদ্ধে ভোটে কালো টাকা ব্যবহারের অভিযোগ কতটা আমজনতা বিশ্বাস করবে তা নিয়ে ধন্দ রয়েছে রাজনৈতিক মহলে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “২০২২ সালে দেশের কৃষকদের আয় দ্বিগুণ করার কথা বলছে মোদি সরকার। বাংলায় আগে কৃষকরা যা আয় করতেন, এখন তার থেকে দ্বিগুণ আয় করেন। মিউটেশন ফি, এমনকী খাজনাও মকুব করে দিয়েছে সরকার।” তিনি আরও বলেন, “গত পাঁচ বছর ধরে প্রায় প্রতিদিনই রান্নার গ্যাস, পেট্রোপণ্যের দাম বাড়িয়েছে মোদি সরকার। মোদি জমানায় ১২ হাজার কৃষক আত্মহত্যা করেছে, ১২ লক্ষ মানুষ চাকরি হারিয়েছেন।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news