চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক :
ফের কি মুখোমুখি মমতা- মোদী? সূত্রের খবর, ডিসেম্বর মাসেই প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা। সূত্রের খবর, সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে ডাকা বৈঠকে যোগ দিতে ডিসেম্বরের গোড়াতেই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জি-২০’র প্রধান এখন ভারত। প্রধানমন্ত্রী সে বিষয়ে সবিস্তারে আলোচনা করতে চান রাজ্যের প্রশাসনিক প্রধানদের সঙ্গে। আগামী ৫ ডিসেম্বর সেই বৈঠক হবে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সচিবালয়ে আমন্ত্রণ এসে পৌঁছেছে। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী এই বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আগেই ১০০ দিনের কাজের বকেয়া মিটিয়ে ফেলার আরজি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাতের একবছর কেটে গেলেও একটি টাকাও দিল্লি ছাড়েনি ওই প্রকল্প বাবদ। ক’দিন আগেও এসব নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে এর মধ্যে গ্রাম সড়ক যোজনার টাকা মঞ্জুর হয়েছে বৃহস্পতিবার। ওই প্রকল্পের ৫৮৪ কোটি টাকা পাবে রাজ্য।এই পরিস্থিতিতে এবার দিল্লি থেকে মুখ্যমন্ত্রীকে বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হল।
সূত্রের খবর, এই বৈঠকের মাঝে আলাদা করে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আবেদন জানাতে পারেন মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্যের বকেয়া আদায়ের জন্য জোরদার দাবি তুলবেন মমতা। তবে এবারের বিষয়টি যেহেতু আন্তর্জাতিক তাৎপর্য রয়েছে, সেইজন্য মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর বৈঠকে যাবেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news