চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
প্রতারক মমতা বন্দ্যোপাধ্যায়। মুসলিমদের সঙ্গে প্রতারণা করেছেন। মুসলিম সমাজকে ধোঁকা দিয়েছেন। মুসলিমদের উন্নয়নের জন্য কিছুই করেননি তিনি। এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন তাঁরই একদা প্রিয় পাত্র কাসেম আলী। কাসেমের কথায়, “ক্ষমতায় আসার আগে ১০ হাজার মাদ্রাসাকে অনুমোদন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। কিন্তু সাড়ে সাত বছরে একটি মাদ্রাসাকেও অনুমোদন দেননি তিনি। ৫৬০টি সরকারি স্বীকৃত মাদ্রাসায় ১৬ হাজার পদ খালি রয়েছে। সাড়ে আট বছরে একটিতেও শিক্ষক নিয়োগ হয়নি। মুখ্যমন্ত্রী মাদ্রাসা সার্ভিস কমিশনকে তুলে দিয়েছেন। শুধু সাইকেল দিয়ে মুসলমান সমাজের উন্নতি হয় না।”
বিজেপির সংখ্যালঘু মোর্চার এই নেতার বলেন, “আমরা তো ইমাম ভাতা চাইনি। আমরা তো মুসলিম ভাতা চাইনি। আমরা আমাদের ঘরের ছেলেদের জন্য একটা করে চাকরি চেয়েছিলাম। কিন্তু তিনি তা দেননি। অথচ বারবার ভোটের স্বার্থে মুসলিম সমাজকে ব্যবহার করেছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল নেত্রী হিজাব পড়েছেন, গোমটা টেনেছেন, নামাজ পড়ার অভিনয় করেছেন। আর বিজেপির ভয় দেখিয়েছেন মুসলিম সমাজকে। মমতা বন্দ্যোপাধ্যায় বোমা, পিস্তল, খুনের রাজনীতিতে সবথেকে বেশি মুসলমানদের এগিয়ে দিয়েছেন। ভোট লুঠ করতে পাঠিয়েছেন।”
সামনের বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে মুসলিম সমাজের বিশ্বাস অর্জন করার উপায় খুঁজছে বঙ্গ বিজেপি। সিএএ ও এনআরসি-র বিরুদ্ধে যেভাবে পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে কিছুটা হলেও বাংলায় ধাক্কা খেয়েছে পদ্ম শিবির। ফলস্বরূপ তিনটি বিধানসভা নির্বাচনের একটিতেও জিততে পারেনি বিজেপি। এর থেকে শিক্ষা নিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের মনও জিততে চাইছে বিজেপি। তাই মুসলিম সমাজের প্রতি শাসকদলের বঞ্চনাকে তুলে ধরতে চাইছে বিজেপির সংখ্যালঘু মোর্চা। মুসলিমদের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে কাসেম আলী বলেন, “মুসলমান সমাজকে চোর-গুন্ডা, ডাকাত, বদমাশ বানিয়েছেন। দাগি ক্রিমিনাল তৈরি করেছেন। ফুটবলের মতো ব্যবহার করেছেন মুসলিমদের। আর তোষণের রাজনীতি শিখিয়েছেন। মুখ্যমন্ত্রীর জন্য আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি। তাই মুসলিম সমাজ আজ বুঝতে পেরেছেন তাঁদের সঙ্গে প্রতারণা করেছেন রাজ্যের শাসকদল। এই প্রতারণার জবাব আমরা দেব। সেটা শুনে রাখা দরকার প্রতারক মমতা বন্দ্যোপাধ্যায়ের।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news