চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
চতুর্থ কোর কমান্ডার পর্যায়ের বৈঠকে বসতে চলেছে নয়াদিল্লি-বেজিং। সেনা সূত্রে খবর, আগামীকাল মঙ্গলবারই দু’পক্ষের সেনা কর্তাদের বৈঠক হতে পারে। লাদাখের গালওয়ান উপত্যকা থেকে সেনা সরিয়ে নিলেও প্যাংগং উপত্যকার চারটি ফিঙ্গার পয়েন্ট থেকে এখনও পুরোপুরি সেনা প্রত্যাহার করেনি পিপলস লিবারেশন আর্মি (People Liberation Army)। বৈঠকে সেই বিষয়টি নিয়েই মূলত আলোচনা হবে। প্যাংগং লেকে ১ থেকে ৮ পর্যন্ত মোট আটটি ফিঙ্গার পয়েন্ট রয়েছে। চুক্তি অনুযায়ী এই আটটি ফিঙ্গার পয়েন্টই ভারতের দখলে। এর মধ্যে ফিঙ্গার পয়েন্ট ৪-এর প্রায় কাছাকাছি পর্যন্ত গাড়ি চলাচলের রাস্তা রয়েছে। ওই পর্যন্ত যাওয়ার পর ফিঙ্গার-৮ পর্যন্ত হেঁটে টহল দেয় ভারতীয় সেনা। অন্য দিকে বেজিংয়ের দাবি, ফিঙ্গার ৮ থেকে ফিঙ্গার-৪ পর্যন্ত তাদের এলাকা।
ফিঙ্গার ৪ থেকে ফিঙ্গার ৮ পর্যন্ত কার্যত নিজেদের এলাকা বলেই ধরে নিয়েছে বেজিং। ফলে ফিঙ্গার-৪ থেকে ফিঙ্গার ৮ পর্যন্ত ভারতীয় সেনা (Indian Army) টহলদারিতে গেলে মাঝেমধ্যেই বাধা দেয় চিনা বাহিনী। হাতাহাতির ঘটনাও প্রায় ঘটে থাকে। গালওয়ান উপত্যকায় ভারত-চিন সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনায় ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যুর ঘটনার পর সীমান্তের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তারপর থেকেই ধারাবাহিক সেনাবাহিনীর পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। কিন্তু, সেই বৈঠকের পরেও সীমান্ত জট না খোলায়, গত ৬ জুলাই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে চিনা বিদেশমন্ত্রীর ওয়াং ই-র দীর্ঘ ভিডিয়ো বৈঠকে সমাধানসূত্র বেরোয়। গালওয়ান থেকে সেনা সরাতে রাজি হয় বেজিং। সেই অনুযায়ী ধাপে ধাপে গালওয়ানের তিনটি পেট্রোলিং পয়েন্ট ১৪, ১৫ ও ১৭ থেকে সরে গিয়েছে চিনা সেনা। ডোভাল-ওয়াং ভিডিয়ো বৈঠকের সূত্র অনুযায়ী ৩ কিলোমিটারের বাফার জোন নির্ধারণের প্রক্রিয়াও শুরু হয়েছে। ভারত এখন ফিঙ্গার ৮ থেকে ফিঙ্গার-৪ পর্যন্ত পিপলস লিবারেশন আর্মির পদক্ষেপ সরাতে উদ্যোগ শুরু করেছে। চতুর্থ সেনা স্তরের বৈঠকও সেই পদক্ষেপের অন্যতম একটি দিক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news