সূর্য সরকার।
লোকসভা ভোটে সরকারি কর্মচারীদের সমর্থন হারিয়েছে তৃণমূল। তাইসরকারি কর্মীদের মন পেতে উঠে পড়ে লেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মীদের পর এবার রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়, মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ও মাদ্রাসা শিক্ষা পর্ষদের অশিক্ষক কর্মীদের বেতন কাঠামোর পুনর্বিন্যাস করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে ষষ্ঠ বেতন কমিশনকে (6th Pay commission)। সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। এই কাজের জন্য কমিশন ৩ মাস সময় পাবে। বুধবার অর্থদপ্তর এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। অভিরূপ সরকারের (Avirup Sarkar) নেতৃত্বে গঠিত এই কমিশন ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের সুপারিশ জমা দিয়েছে। সেইমতো রাজ্য সরকার বেতন কাঠামো বিন্যাস করেছে। এবার অন্যান্য প্রতিষ্ঠানগুলিরও বেতন কাঠামোর সুপারিশ চাইছে রাজ্য সরকার। কমিশনের প্রস্তাব জমা পড়ার পর তা খতিয়ে দেখে কার্যকর করবে রাজ্য সরকার।
প্রসঙ্গত, রাজ্য সরকারি কর্মীদের জন্য নতুন বেতন–নীতি ২০২০ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। সব মিলিয়ে অতিরিক্ত ১০ হাজার কোটি টাকা খরচ হবে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, যদি কারও বেতন ১০০ টাকা হয় তাহলে মহার্ঘভাতা যুক্ত হয়ে তা ২২৫ টাকা হবে। তার সঙ্গে ২০১৬ থেকে গত ৩ বছরের ৩ শতাংশ হারে ইনক্রিমেন্ট এবং বিভিন্ন ভাতা মিলিয়ে বেড়ে হবে ২৮০ টাকা ৯০ পয়সা। গ্র্যাচুইটি হিসেবে একজন সরকারি কর্মী অবসরের সময় সর্বোচ্চ ৬ লাখ টাকা পেতে পারতেন। বেতন কমিশনের সুপারিশ ছিল সর্বোচ্চ ১০ লাখ। তা বাড়িয়ে ১২ লাখ করা হচ্ছে। বাড়িভাড়া বাবদ সরকারি কর্মীরা এখন মাসে সর্বোচ্চ ৬ হাজার টাকা পান। বাড়িয়ে ১২ হাজার করা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news