ওয়েব ডেস্ক:
জুনিয়র ডাক্তারদের আন্দোলনের নৈতকতা নিয়েই প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে পুরোটাই বিরোধীদের রাজনীতি। মুখ্যমন্ত্রী এদিন সাফ জানান, জুনিয়ারে ডাক্তারদের এই আন্দোলনের পিছনে ইন্ধন রয়েছে বিজেপি-সিপিএমের। মুখ্যমন্ত্রীর দাবি, “যাঁরা আন্দোলন করছেন, তাঁরা কেউ জুনিয়র ডাক্তার নয়। তাঁরা আউটসাইডার। বিজেপি-সিপিএম উস্কানি দিচ্ছে। শুধু হিন্দু-মুসলিম করা হচ্ছে।” এদিন মমতা জানিয়ে দেন, হাসপাতালে মানুষকে সেবা দেওয়া নিয়ে রাজনীতি তিনি একেবারেই বরদাস্ত করবেন না।
এদিন ১২টা ২০ নাগাদ মমতা এনআরএস হাসপাতালে যান। সেখানে পৌঁছে জুনিয়ার ডাক্তাদের এক হাত নিয়ে অবিলম্বে কর্মবিরতি তুলে নেওয়ার নির্দেশ দেন। আর কাজে যোগ দেওয়ার জন্য ৪ ঘণ্টা সময়সীমা বেঁধে দেন। পাশাপাশি তিনি ডাক্তারদের হুঁশিয়ারি দিয়ে বলেন, “৪ ঘণ্টার মধ্যে যাঁরা কাজে যোগ দেবেন না, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেব। সরকার তাঁদের আর কোনও সাহায্য করবে না।”
এরপর মুখ্যমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। সরব হন জুনিয়র ডাক্তাররা। এর কিছু পরে কলকাতার সরকারি হাসপাতালগুলিতে এমারজেন্সি পরিষেবা স্বাভাবিক হলেও ডাক্তাররা রাজ্য জুড়ে গণ ইস্তফার ডাক দিলেন। এর মধ্যে যার প্রভাব পড়েছে সাগর দত্ত হাসপাতালে। সব মিলিয়ে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিজেই ক্রমে অসুস্থ হয়ে পড়ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news