জয় ঘোষ ও নীল রায়।
নারদ কাণ্ডে সিবিআই (CBI) জেরার সম্মুখীন হয়ে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপি নেতা মুকুল রায়। অভিযোগ করলেন তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের। শনিবার দুপুরে নিজাম প্যালেসে সিবিআই দফতরে পৌঁছান তিনি। প্রায় আড়াই ঘণ্টার জেরা সামলে সেখান থেকে বের হন মুকুল রায় (Mukul Roy)। এরপর সাংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যড়যন্ত্র করছেন। যারাই গ্রেফতার হচ্ছেন, তাদের চাপ দিয়ে মুকুল রায়ের নাম নিতে বলা হচ্ছে।” তিনি আরও বলেন “ভিডিয়োতে আমাকে কেউ টাকা নিতে দেখেনি। আমি কোনও ভাবেই অনৈতিক কাজে জড়িত নই। যত বার তদন্তকারী অফিসাররা ডাকবেন, আসব।”
তাঁর সঙ্গে ধৃত পুলিস কর্তার মুখোমুখি জেরা হয়েছে কিনা, সে বিষয়ে জানতে চাইলে মুকুল রায় বলেন, “এ বিষয়ে আমার বলা ঠিক হবে না। আপনারা আমাকে যেতে নিন।” প্রসঙ্গত, শুক্রবার তাঁকে নিজাম প্যালেসে তলব করেছিল সিবিআই। ওইদিন সকালে দূত মারফৎ পাঠিয়ে চিঠি দিয়ে সিবিআইকে মুকুল রায় জানান দলীয় কর্মসূচিতে ব্যস্ত থাকার কারণে আসতে পারছেন না। ব্যস্ততা মিটলেই হাজির হবেন সিবিআই (CBI) দফতরে। তারপরেই জল্পনা শুরু হয় একদা মুকুল ঘনিষ্ঠ আইপিএস কর্তা এস এম এস মির্জা (S M H Mirza) গ্রেপ্তার হওয়ার পর কি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এড়িয়ে যাচ্ছেন প্রাক্তন রেলমন্ত্রী? কিন্তু ওইদিন বিকেলেই জানিয়ে দেন সর্বভারতীয় কার্যকরী সভাপতি জেপি নাড্ডার তর্পণ কর্মসূচি সমাপ্ত হলেই যাবেন সিবিআই দপ্তরে। এদিন সেই কথা মতো সিবিআই দপ্তরে গিয়ে জেরা সামলে পাল্টা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে নতুন করে জল্পনা তৈরি করলেন মুকুল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news