নীল রায়।
পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা লগ্নে আবারও এক ঝাঁক পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যদিও দেবীপক্ষের আগেই কলকাতার চারটি পুজোর উদ্বোধন শুক্রবারই সেরে ফেলেছিলেন তিনি। তবে মহালয়ায় তাঁর পুজোর উদ্বোধনে ছিল এক অন্য মাত্রা। এদিন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) পুজো চেতলা অগ্রণী ও শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের (Parth chatterji) নাকতলা উদয়ন সংঘের পুজোর পাশাপাশি নিজের পাড়ার পুজো কালীঘাট মিলন সংঘেরও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

এদিন সন্ধ্যায় চেতলা অগ্রণীর পুজোয় গিয়ে মা দুর্গার চক্ষুদান করেন তিনি। তাঁর তুলির ছোঁয়ায় দেবীর চক্ষুদান হয়ে যেতেই উদ্বোধন হয় এই পুজোর। উদ্বোধনী মঞ্চে তাঁর সঙ্গে ছিলেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়, দমকল মন্ত্রী সুজিত বসু। এই পুজোর উদ্বোধনের পর মমতা যান পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলা উদয়ন সংঘের পুজো উদ্বোধনে সামিল হতে। বাড়ি ফেরার পথে কালীঘাট মিলন সংঘের পুজোর ফিতে কেটে উদ্বোধন করেন পাড়ার মেয়ে মমতা।

এদিনই যোধপুর পার্ক ৯৫ পল্লী ও বাবুবাগান সার্বজনীন দুর্গোৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী। রবিবার দক্ষিণ কলকাতার এক ঝাঁক বড় পুজোর সূচনা হবে তাঁর হাত ধরে। বেহালা নূতন দল, বড়িশা ক্লাব, অজেয় সংহতি, ৪১ পল্লী, ৬৬ পল্লী, বোসপুকুর শীতলা মন্দির সহ এক ঝাঁক পুজোর উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news