নীল রায়:
ভাঙলেও মচকানো তাঁর স্বভাবে নেই। সেই ট্র্যাডিশন বজায় রাখলেন বৃহস্পতিবার লোকসভা ভোটের গণনায় ফলাফলের ইঙ্গিত স্পষ্ট হওয়ার পরেও। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনের সকাল থেকেই তাঁর নজর ছিল টিভির পর্দায়। ঘন ঘন মোবাইল ফোনে কখনও মেসেজ পাঠিয়ে, কখনও কথা বলে যোগাযোগ করছিলেন বিভিন্ন লোকসভা কেন্দ্রের ফলাফল জানতে। কিন্তু গণনা পর্বের ঘন্টা দুয়েক পরেই যখন দিনের আলোর মতো স্পষ্ট হল নিরঙ্কুশ প্রাধান্য রেখেই দিল্লির মসনদে বহাল থাকছেন নরেন্দ্র মোদী, সঙ্গে বাংলাতেও দাপট বাড়িয়ে দুই সংখ্যার আসন পাবে বিজেপি। সেই ট্রেন্ড দেখে মুখ্যমন্ত্রী তাঁর টুইটে লিখলেন, “সব পরাজিতরাই হেরো নয়।” সেই সঙ্গে তিনি এ-ও লিখেছেন, “পুরো গণনা শেষ হোক, ভিভি প্যাট মিলিয়ে দেখা হোক। তারপর পর্যালোচনা আপনাদের সঙ্গে ভাগ করে নেব।”

তাঁর এমন টুইট প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহল মনে করছে খারাপ ফলের দায় এবার ইভিএম মেশিনের ওপর চাপাতে চলেছেন তৃণমূল নেত্রী। বিজেপি ইভিএম মেশিন কারসাজি করে এই জয় পেয়েছে, এমনই অভিযোগ শোনা যাবে তাঁর মুখে। সেই কারণে নিজের হারকে চাপা দিয়ে, পরে ফলাফল বিশ্লেষণ করে নিজের বক্তব্য স্পষ্ট করবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার এমন টুইটকে কটাক্ষই করছে গেরুয়া শিবির। তাদের কথায়, ২০১৯-এ হাফ ২০২১-এ সাফ আমাদের এই স্লোগান কতটা কার্যকর হবে, তা ইতিমধ্যেই পড়ে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এখন ভুলভাল টুইট করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। লোকসভা ভোটে আমরা অর্ধেক কাজ সারলাম, বাকি অর্ধেক কাজ ২০২১-এর বিধানসভা নির্বাচনে ওনাকে নবান্ন থেকে সরিয়ে পূর্ণ করব!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news