নীল রায়।
“চিদম্বরমের মতোই সবক শেখানো হবে মমতাকে।” শনিবার সাংবাদমাধ্যমের এক প্রশ্নের উত্তরে এমনটাই বললেন উত্তরপ্রদেশের বালিয়া কেন্দ্রের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের খারাপ দিন ঘনিয়ে এসেছে। বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে তিনি যদি রাজনীতি করতে চান তাহলে তাঁর বাংলাদেশই চলে যাওয়া উচিত। মুখ্যমন্ত্রীর যদি সাহস থাকে তাহলে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যান । তাতে আখেরে তাঁর ভালোই হবে।” এই বিজেপি বিধায়ক আরও বলেন, “পশ্চিমবঙ্গেও লাগু হবে এনআরসি। আর যাঁরা ভারতের নাগরিক হিসেবে যোগ্যতা অর্জন করবেন না তাঁদের সম্মানজনকভাবে নিজেদের আসল দেশে পাঠিয়ে দেওয়া হবে। সঙ্গে বালিয়ার এই বিজেপি বিধায়কের আরও বক্তব্য, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে পি চিদাম্বরমের মতোই সবক শেখানো হবে।”
পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে বিজেপির সাফল্য প্রসঙ্গে রামায়ণের উদাহরণ টেনে সুরেন্দ্র সিং বলেন , “লঙ্কার মানুষ হনুমানজিকে প্রবেশের অনুমতি দেয়নি। তবে তিনি সেখানে চলে যেতে পেরেছিলেন। একইভাবে যোগী আদিত্যনাথ এবং অমিত শাহও পশ্চিমবঙ্গে প্রবেশ করেছেন এবং আমরা ওখানে অনেকগুলি আসন পেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় হলেন বাংলার রাজনৈতিক রানী। সেখানে রাম নিজের পা রেখেছেন এবং এবার শীঘ্রই সরকারে পরিবর্তন আসবে।” তিনি আরও বলেন “বাংলাতেও এনআরসি কার্যকর হবে এবং সমস্ত বাংলাদেশিদের হাতে দুই প্যাকেট খাবার ধরিয়ে শ্রদ্ধাপূর্বক তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news