চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
চিনা পণ্য সামগ্রী বয়কটের (Boycott Made in China) ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় (Kartick Banerjee)। শুক্রবার দক্ষিণ কলকাতার জয়হিন্দ ভবনে এক সাংবাদিক সম্মেলনে এমন কথা বলেছেন তিনি। চিনের ওপর ক্ষোভ উগরে দিয়ে কার্তিক বলেছেন, “চিন যেভাবে আগ্রাসন চালিয়ে ভারতীয় সেনাবাহিনীর ওপর পরিকল্পিত হামলা চালিয়েছে তা নিন্দনীয়। আমরা চাই ভারত চিনকে এ বিষয়ে যোগ্য জবাব দিক।” এরপরেই তিনি বলেন, “নিহত বীর সৈনিকদের প্রতি আজ সারা দেশ শ্রদ্ধা জানাচ্ছে। ভারতের ভূখণ্ড দখলের জন্য চিন যে ঘৃন্য পথ নিয়েছে তার প্রতিবাদে আমাদের সব রকম চিনা পণ্য বয়কট করতে হবে।” আগামী দিনে চীনা পণ্য বয়কট প্রসঙ্গে তিনি যে বড়সড় কর্মসূচি নেবেন, তাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই তৃণমূল (TMC) নেতা।
গত সোমবার সন্ধ্যায় লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সেনাবাহিনীর সংঘর্ষে মৃত্যু হয়েছে ২০ জন ভারতীয় জওয়ানের। সেই সংঘর্ষে মারা যান পশ্চিমবঙ্গের দুজন। বীরভূমের মহম্মদ বাজারের বাসিন্দা রাজেশ ওরাং ও আলিপুরদুয়ারের বিপুল রায় পিপলস লিবারেশন আর্মির (People Liberation Army) অতর্কিত হামলায় মারা যান। কার্তিক বন্দ্যোপাধ্যায় তাঁর নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবী সংগঠন বিবেকের পক্ষে দুই শহীদ পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন। প্রসঙ্গত, বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষে এই প্রথম কোনও দায়িত্বপ্রাপ্ত নেতা শহীদ পরিবারদের আর্থিক সাহায্য দিলেন। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের জয়হিন্দ বাহিনীর রাজ্য সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায়।
এদিন কার্তিক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের বীর সন্তানরা প্রাণ হারিয়েছেন। সন্তানহারা পিতা মাতারা চাইছেন চিনের শাস্তি। তাদের আত্মবলিদান যেন বৃথা না হয়, সেই কারণে ভারতকে চিনকে জবাব দিতে হবেই। তা সামরিক ক্ষেত্রেই হোক, বাণিজ্যিক ভাবে হোক। কিংবা কূটনৈতিক ভাবে হোক। চিনকে জব্দ করতে ভারত যে পদক্ষেপ নেবে, তাতে সারা দেশের সমর্থন রয়েছে রাষ্ট্রের প্রতি।” ১৯৯৯ সালে পথচলা শুরু করে কার্তিক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিবেক। আর সেই বছরেই ভারত – পাকিস্তানের কার্গিল যুদ্ধ হয়। তখনও ফোর্ট উইলিয়ামের ভারতে ভারতীয় সেনাবাহিনীর জন্য আর্থিক সাহায্য দিয়েছিল বিবেক। সেই সময় শহর কলকাতায় ভারতীয় সেনাবাহিনীর মনোবল বৃদ্ধির জন্য একটি পদযাত্রা করেছিল বিবেক। সেই পদযাত্রায় হেঁটেছিলেন তৎকালীন রাজ্যের প্রধান বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news