চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আগামী বছর রাজ্যের বিধানসভা নির্বাচন। সেই লক্ষ্যে সংখ্যালঘু ভোট (Minority Vote) ব্যাংকে শান দিতে ৪,০১৬ কোটি টাকার প্রকল্প ঘোষণা করে চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার নবান্নে (Nabanna) সাংবাদিক সম্মেলনে মুসলমান সম্প্রদায়ের জন্য মোট ৬০৮টি প্রকল্পের কথা ঘোষণা করেন। প্রকল্প ঘোষণার পর মমতা বলেন, “এই রাজ্যে সংখ্যালঘু উন্নয়নে বরাদ্দ অনেকটাই বেড়েছে। মোট ৪ হাজার ১৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ২ কোটি ৩৮ লক্ষ টাকা বৃত্তি বাবদ দেওয়া হয়েছে। প্রায় ৮৫ হাজার মানুষ হজে গিয়েছেন। প্রত্যেক জেলায় সংখ্যালঘু ভবন তৈরি হয়েছে। ৫৫১ কোটি টাকয় আলিয়া বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস তৈরি হয়েছে।”
মুখ্যমন্ত্রী বলেছেন, “সংখ্যালঘুদের উন্নয়নে বরাবরই নজর রাজ্যের। কেন্দ্রের তুলনায় বেশি খরচ করে রাজ্য। শিক্ষাক্ষেত্র থেকে কর্মসংস্থান সবক্ষেত্রে কাজ হয়েছে রাজ্যে। তার ফলে বাংলায় সংখ্যালঘুদের সব ক্ষেত্রে উন্নতি হয়েছে।” নবান্ন থেকে সংখ্যালঘু দফতরের মোট ৬০৮টি পরিকাঠামোগত প্রকল্পের উদ্বোধন করেন তিনি। মোট খরচ ধরা হয়েছে ৯৪৩৫.২৫ লক্ষ টাকা। এছাড়াও ২৪টি নতুন প্রকল্পের শিলান্যাস করেন। সেগুলির জন্য খরচ হবে ১৪৪১.৫০ লক্ষ টাকা। এর মধ্যে রয়েছে কলেজের অডিটোরিয়াম থেকে গ্রন্থাগার, স্কুলের শ্রেণী কক্ষ থেকে হোস্টেল। বিভিন্ন জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য কমিউনিটি সেন্টার তৈরির প্রকল্পও ঘোষিত হয়েছে।
পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলের মতে, তৃণমূল কংগ্রেসের প্রকৃত ভোটব্যাঙ্ক এরাজ্যে সংখ্যালঘুরা। গত লোকসভা ভোটে একচেটিয়া সংখ্যালঘু ভোট পেয়ে প্রবল ধসেও ২২টি আসন ধরে রাখতে পেরেছিল। কিন্তু গত এক বছরে সংখ্যালঘুদের জন্য সেভাবে কোনো প্রকল্প বা অনুদান দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বিধানসভা ভোটের প্রায় এক বছর আগে রাজ্যের সংখ্যালঘুদের খুশি করতে আবারো কল্পতরু হয়েছেন তিনি। কিন্তু রাজনৈতিক মহলে আলোচনা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সংখ্যালঘু ভোট ব্যাংক অক্ষত রাখতে প্রকল্পের ঘোষণা করেছেন। তেমনই এই কারণে সংখ্যাগুরু ভোটব্যাংকে যেতে পারে বিজেপির। এমনিতেই কত লোকসভা ভোটের ফলাফলে দেখা গিয়েছে মমতার সংখ্যালঘু তোষণ নীতিতে বেজায় বিরক্ত রাজ্যের হিন্দুরা। যেই কারণে বিজেপির (BJP) ভোটব্যাঙ্ক একলাফে পৌঁছে গিয়েছে ৪০ শতাংশে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news