চ্যানেল হিন্দুস্তান, নিউজ ডেস্ক-
রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে নজরে এবার উত্তরবঙ্গ (North Bengal)। আজ অর্থাৎ মঙ্গলবার ফের উত্তরবঙ্গে সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শিলিগুড়িতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একটি জনসভায় বক্তৃতা দেবেন মুখ্যমন্ত্রী।
আজ বিকেলে বাগডোগরা বিমানবন্দরে নেমে সরাসরি একটি জনসভায় যোগ দেবেন তিনি। সেখানে বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা প্রদান করবেন নিজের হাতেই। প্রসঙ্গত, সোমবারই রাজ্য বিধানসভায় পাশ হয়েছে বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব। সেখানে বিজেপির অন্দরেই দ্বিমত দেখা গিয়েছে। উত্তরের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা উত্তরবঙ্গ ভাগের কথা সরাসরি না বললেও, এই ইস্যু নিয়ে গণভোটের দাবি তুলেছেন।
যদিও রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, ‘বিজেপি বঙ্গভঙ্গ চায় না, এক পশ্চিমবঙ্গ, শ্রেষ্ঠ পশ্চিমবঙ্গ’। অন্যদিকে এই বঙ্গভঙ্গের ইস্যু নিয়ে শাসক শিবির নির্বাচনী এজেন্ডা হিসেবে ব্যবহার করবে, তাও বুঝিয়ে দিয়েছেন তিনি।
সোমবার রাজ্য বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব পাশ হওয়ার পরের দিনই মুখ্যমন্ত্রীর এই প্রথম উত্তরবঙ্গ সফর। যা ঘিরে স্বাভাবিকভাবেই কৌতুহল বাড়ছে রাজনৈতিক মহলে। এদিনের সভামঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমোর বক্তব্যে বঙ্গভঙ্গ প্রসঙ্গ উঠে আসে কি না, সেই দিকেই তাকিয়ে রাজ্য রাজনীতিক মহল।
এদিকে মুখ্যমন্ত্রী যখন শিলিগুড়িতে আসছেন,আগেই শহরে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তিনি অবশ্য মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ। দিলীপ বাবু বলেন, ‘মুখ্যমন্ত্রী সরকার চালাবেন নাকি পার্টি চালাবেন বুঝতে পারছেন না। খুব টেনশনের মধ্যে আছেন তিনি।” তার মধ্যে উত্তরবঙ্গ – দক্ষিণবঙ্গ করতে হচ্ছে, কারণ, পার্টিতে আর কেউ নেই। তবে বিজেপি শিবির যতই গুরুত্ব না দিক, তৃণমূল সুপ্রিমোর এই উত্তরবঙ্গ সফর ঘিরে আশায় বুক বাঁধছেন উত্তরের তৃণমূল নেতা ও কর্মীরা। এখন দেখার মঙ্গলবারের সভা থেকে কী বার্তা দেন কর্মীদের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news