ওয়েব ডেস্ক:
এবার এনআরসি বিরোধিতা করে পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রোড শো’র পাশাপাশি শ্যামবাজারে প্রতিবাদ সভা করলেন। সেখানেই কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়ে বললেন, দুকোটি তো পরের কথা, বাংলার দুজন মানুষের গায়ে হাত দিয়ে দেখাক!
বৃহস্পতিবার এনআরসি’র প্রতিবাদে সিঁথির মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলে হাঁটেন তৃণমূলনেত্রী। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে সভা করেন। বেলা সাড়ে তিনটে নাগাদ শ্যামবাজার পৌঁছয় মিছিলটি। সভার শুরুতেই এনআরসি’র প্রতিবাদে কেন্দ্রকে তোপ দেগে মমতা বলেন, ‘বাংলায় এনআরসি হবে না। বাংলা কখনও মাথা নত করবে না, বাংলায় হিংসা করে লাভ হবে না।’ এরপরই কেন্দ্রের বিজেপি সরকার কে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বাংলায় ২কোটি তো দূরের কথা, ২ জনের গায়ে হাত দিয়ে দেখাক।’
উল্লেখ্য, মমতার সভার কিছু আগেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘পশ্চিমবঙ্গে এনআরসি চালু হবেই। দু কোটি মানুষের নাম বাদ যাবে।’ দিলীপের এই কথার রেশ টেনে পাল্টা দেন মমতা।
তৃণমূল সুপ্রিমোর ভাষায়, ‘এই লড়াই অস্বিত্ব রক্ষার লড়াই। কেন স্বাধীন নাগরিক পরাধীন হবে? আরেকবার ভারত ভাগের চেষ্টা করবেন না। মেনে নেবে না বাংলা।’ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি বেঁচে থাকতে এনআরসি চালু করতে পারবেন না। আর আমি আমার আগামী চার প্রজন্মও এমন তৈরি করে যাচ্ছি, যে তখনও কেউ এনআরসি চালু করতে পারবে না।’
শ্যামবাজারের সভায় গেরুয়া শিবিরের বিরুদ্ধে অভিযোগ তোলেন মমতা, বাংলায় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঝগড়া লাগাচ্ছে বিজেপি। বলেন, আমাদের হিন্দু ধর্ম শেখাতে আসবেন না। অসমের এনআরসি প্রসঙ্গে বলেন, ‘পুলিশ দিয়ে অসমকে চুপ করালেও বাংলা কিন্তু থেমে থাকবে না। আগুন নিয়ে খেলবেন না।’
প্রসঙ্গত, এনআরসি’র বিরোধিতা করে বিধানসভায় ইতিমধ্যে এনআরসি সংক্রান্ত প্রস্তাব এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । যে প্রস্তাবকে সমর্থন করেছে রাজ্যের বাম ও কংগ্রেস ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news