নিজস্ব সংবাদদাতা।
বর্ধমান স্টেশনের একাংশ ভেঙে পড়ায় কেন্দ্রীয় সরকারের গাফিলতির দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস (TMC)। এবার পাল্টা জবাব দিতে ময়দানে নামলেন বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy)। রবিবার বিকেলে হুগলি জেলার উত্তরপাড়া কোতরং পৌরসভা এলাকায় নাগরিক সংশোধনী আইন নিয়ে বিজেপির এক প্রচার কর্মসূচিতে অংশ নিতে এসেছিলেন তিনি। সেখানেই তাকে প্রশ্ন করা হয় বর্ধমান স্টেশনের আচমকা ভেঙে পড়া নিয়ে। সঙ্গে জানানো হয় তৃণমূল কংগ্রেসের অভিযোগও।
জবাবে মুকুল রায় বলেন, “১০ বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের রেলমন্ত্রী থাকাকালীন এইসব স্টেশন গুলির মেরামতের কাজ হয়েছিল। সেই সময়ের কাজকর্মের ঠিকভাবে দেখভাল না হওয়াতেই এমন ঘটনা ঘটেছে।” তিনি আরও বলেন, “যারা স্টেশনের মেরামত ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকেন এক্ষেত্রে তাঁরা নিজেদের দায়িত্ব এড়াতে পারবেন না।” প্রসঙ্গত, ২০০৯ সালের লোকসভা নির্বাচনে জয়ের পর দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে রেলমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সময় রাজ্যের বেশকিছু গুরুত্বপূর্ণ স্টেশন সাজিয়ে তোলা হয়েছিল। তার মধ্যে ছিল বর্ধমান জংশন স্টেশন।
শনিবার রাতে বর্ধমান স্টেশন ভেঙে পড়ার পরেই তৃণমূল কংগ্রেস অভিযোগের আঙুল বিজেপির দিকে। অভিযোগে বলা হয়, ইচ্ছেমতো রেলের ভাড়া বাড়ানো হলেও কেন্দ্রীয় সরকার যাত্রী রেলের নিরাপত্তা ও সুরক্ষার ক্ষেত্রে কোনও নজর দিচ্ছে না। যেই কারণে এমন দুর্ঘটনার সম্মুখীন হতে হল পূর্ব রেল কর্তৃপক্ষকে। স্বাভাবিকভাবেই মুকুল রায় জবাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানাকে বেছে নেন উত্তর দিতে। রেলের ভাড়া বৃদ্ধি ও যাত্রী নিরাপত্তা প্রসঙ্গে মুকুলের জবাব, “সবে মাত্র দু’দিন হয়েছে রেলের ভাড়া বেড়েছে। তা নিয়ে এখনই কোনও কথা বলার মত সময় আসেনি।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news