নীল রায়।
বাজেটে আমি স্তম্ভিত ! এভাবেই কেন্দ্রীয় বাজেটের পর নিজের প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার সংসদে এই দশকের প্রথম বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman)। দু’ঘণ্টা ৪১ মিনিটের বাজেটের পর টুইট করেছেন মমতা। তাতেই স্বল্প কথায় বাজেট প্রসঙ্গে তীব্র উষ্মা প্রকাশ করেছেন তিনি। তাঁর সরকারের অর্থমন্ত্রী অমিত মিত্র ও রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন এই বাজেটের ফলে দেশের অর্থনীতি ভেন্টিলেশনে চলে গিয়েছে বলে উল্লেখ করেন।
এদিন দুপুরে বাজেট পেশের পর টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “প্রাচীন এবং গর্বের সরকারি সংস্থাগুলিকে এইভাবে ধ্বংস করার সিদ্ধান্ত দেখে আমি হতবাক এবং স্তম্ভিত। এই সিদ্ধান্তের মানে হল সুরক্ষার বিনাশ। তাহলে কি এটা একটা যুগের অবসান হতে চলেছে?” এই প্রশ্ন তুলেই কেন্দ্রীয় সরকারের এলআইসি নিয়ে সিদ্ধান্তকে আক্রমণ করেছেন তিনি। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news