চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
সরকারি কর্মচারীদের হাজিরার নিয়মে ফের বদল আনল রাজ্য সরকার। বুধবার নবান্নে (Nabanna) সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছেন, ৩১ জুলাই পর্যন্ত ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ হবে সরকারি দফতরগুলিতে। তিনি আরও বলেছেন, “প্রতিটি সরকারি দফতরে সপ্তাহে একদিন বাধ্যতামূলক স্যানিটাইজ করতে হবে।” প্রসঙ্গত, যেভাবে সরকারি কর্মচারীদের মধ্যে সংক্রমণ ছড়াচ্ছে তাতে সরকারের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। গত এক-দেড় সপ্তাহে একাধিক দফতরের শীর্ষ আধিকারিক থেকে চতুর্থ শ্রেণির কমী পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়েছেন। এমন পরিসংখ্যানে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উদ্বেগ থেকেই সরকারি কর্মচারীদের হাজির পরিমাণ কমিয়ে দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এবার থেকে নবান্নও সপ্তাহ একদিন স্যানইটাইজ করা হবে। আগামী কালই গোটা নবান্ন ফের স্যানিটাইজ করা হবে। বেসরকারি অফিসগুলিও যেন সপ্তাহে একদিন নিয়ম করে স্যানিটাইজ করার ব্যবস্থা করে সে বিষয়েও অনুরোধ করেছেন মমতা। তিনি বললেন, ”আবাসনগুলোতে করোনা সংক্রমণ বাড়ছে, সেদিকে নজর দিতে হবে।” মুখ্যমন্ত্রী বলেন, “কী দিতে পেরেছেন আপনারা? আমরা ভেবেছিলাম ১০ হাজার ভেন্টিলেটর পাবো। ফ্রি ড্রাগস, পিপিই পাবো। খালি হাতে তালি বাজালে হয়ে গেল? কী দিয়েছেন? যা দিয়েছেন। তা দিয়ে মার্চ থেকে এখনও চলে যাবে?” তিনি আরও বলেন, “সামনেই নির্বাচন বলে একটা রাজ্যকে সারাক্ষণ গালি দেওয়া হচ্ছে। এরপর তো এ থেকে জেড নিয়ে আসবেন। সব সময় রাজনীতি করবেন না। বাংলায় যা আছে তাই দিয়ে করোনা সামাল দেবো।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news