চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য রাজ্য সরকারকে ২৫ হাজার কোটি টাকা অনুদান দেওয়া হোক কেন্দ্রীয় সরকারের তরফে। বুধবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) এই দাবি জানিয়ে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২৫ হাজার কোটির সঙ্গেই কেন্দ্রীয় সরকারের কাছে পশ্চিমবঙ্গের পাওনা ৩৬ হাজার কোটি টাকা শীঘ্রই দেওয়ার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। চিঠিতে মুখ্যমন্ত্রী বলেছেন, “করোনা পরিস্থিতিতে রাজ্য সরকার সরকারি কর্মীদের মাইনে দেওয়া থেকে শুরু করে সমস্ত সামাজিক প্রকল্পের কাজ নিজের টাকাতেই করছে। অথচ করোনা পরিস্থিতিতে রাজ্যের কর বাবদ আয় কমেছে ১১ হাজার কোটি টাকা।”
মমতা আরও লিখেছেন, “লকডাউনের জেরে অন্যান্য রাজ্যের মতো আমরাও অর্থনৈতিক নিরিখে সমস্যায় রয়েছি। রাজস্ব আদায় বন্ধ। রাজ্যে ব্যবসা হচ্ছে না। এর মধ্যে থেকেও সরকার কর্মচারীদের বেতন ও পেনশনের ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য রাজ্য যখন সরকারি কর্মীদের বেতন কমাচ্ছে, সেখানে এখনও এ রাজ্য সেই পথে হাঁটেনি। রাজ্যের ৩৬ হাজার কোটি টাকা পাওনাও রয়েছে কেন্দ্রের কাছে।” মুখ্যমন্ত্রী দাবি করেছেন, ‘গোটা দেশেই করোনা পরিস্থিতি ঘোরাল হচ্ছে। এই সময় পাওনা টাকা পেলে তা নানা খাতে খরচ করা যেতে পারে।”
প্রসঙ্গত, বৃহস্পতিবার দেশের সমস্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নবান্ন থেকে এই বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেই বৈঠকেও রাজ্যের দাবী-দাওয়া প্রসঙ্গে সরব হতে পারেন মুখ্যমন্ত্রী, এমনটাই নবান্ন সূত্রে খবর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news