চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
শীঘ্রই সেপ্টেম্বর ও অক্টোবর দু’মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা একসঙ্গেই দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নবান্নের সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেছেন, “খুব তাড়াতাড়ি লক্ষীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে। সেপ্টেম্বর ও অক্টোবর মাসের টাকা একসঙ্গেই দেওয়া হবে।” তবে কোচবিহার, নদিয়া ও উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার এই প্রকল্পের আবেদনকারীদের কিছু দিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন তিনি। কারণ, প্রসঙ্গত মমতা জানিয়েছেন, আগামী ৩০ অক্টোবর খড়দহ, গোসাবা, দিনহাটা ও শান্তিপুরে উপনির্বাচন হবে। তাই সেই নির্বাচন শেষ হলে, রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডারের অর্থ দেওয়ার কাজ করতে পারবে।
অন্যদিকে শনিবার পুজো কমিটিগুলোকে ৫০ হাজার টাকা অনুদান দেওয়ার নিষেধাজ্ঞা রাজ্য সরকারের ওপর থেকে তুলে নিল নির্বাচন কমিশন। তাই আগামী কয়েকদিনের মধ্যে এই কাজে গতি আসবে বলেই নবান্ন সূত্রে খবর। করোনা সংক্রমণের কারণে পুজো কমিটিগুলির আর্থিক দুরবস্থার কথা মাথায় রেখে তাদের ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া শুরু করে রাজ্য। বিরোধীদের হাজার সমালোচনার মাঝেও এই সিদ্ধান্ত বদল করেননি মমতা। এ বারও ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রী ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী হওয়ায় এই অর্থ প্রদানের অনুমতি দেয়নি নির্বাচন কমিশন। কিন্তু বৃহস্পতিবার ভোট হয়ে যেতেই শনিবার রাজ্যকে এই অর্থ দেওয়ার অনুমতি দিয়েছে কমিশন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news