প্রসেনজিৎ ধর। মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকৃত ছবি ও অকথ্য ভাষায় গালিগালাজ করে লেখা চিঠি পাঠানো হল আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বাড়ির লেটার বক্সে। রবিবার আসা এই চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটি বিকৃত ছবি ও তাঁকে উদ্দেশ্য করে লেখা কুরুচিকর মন্তব্য রয়েছে বলে জানা গিয়েছে। আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দার শ্রীরামপুর থানায় এই ঘটনার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। চিঠিতে মুখ্যমন্ত্রীর বিকৃত ছবির তলায় লেখা রয়েছে, “যদি কেউ ওনাকে জীবিত অথবা মৃত ধরতে পারেন তাহলে সেই ব্যক্তিকে এক কোটি টাকা পুরষ্কার দেওয়া হবে।” ভোটের কয়েকদিন আগে হাওড়ার বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা শর্মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করে হাওড়া পুলিশ কমিশনারেট। এবার কে বা কারা? আরামবাগের সাংসদের বাড়িতে এমন চিঠি পাঠালেন। সাংসদকে লেখা ওই চিঠিতে নীচে ভুয়ো ফোন নম্বর ও ঠিকানা লেখা আছে। অপরূপা পোদ্দারের অভিযোগ, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হেয় করার জন্য বিজেপি এই ঘটনা ঘটিয়েছে। তবে বাংলার মুখ্যমন্ত্রীকে নিয়ে যে বা যারা চক্রান্ত করছেন, তারা কোনওদিন সফল হবেন না।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news