নীল রায়। সন্দেশখালিতে বিজেপি-তৃণমূল রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় একাধিক প্রাণহানির ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অ্যাডভাইজারি নোট পাঠিয়েছে। যা নিয়ে বেজায় ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস। রবিবার এই অ্যাডভাইজারি নোট আসে নবান্নে। রাজনৈতিকভাবের জবাব দিতে তড়িঘড়ি কালীঘাটের সাংবাদিক বৈঠক ডাকা হয় তৃণমূলের পক্ষে। মন্ত্রিসভার দুই সদস্য রাজীব বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রিমা ভট্টাচার্যকে নিয়ে সাংবাদিক সম্মেলন করে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, “বিজেপি শাসিত রাজ্যের তুলনায় বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো । উত্তর প্রদেশ ও গুজরাটের মত অশান্ত রাজ্যকে বাদ দিয়ে বেছে বেছে প্রতিহিংসাবশত বাংলার সরকারকে অ্যাডভাইজারি নোট পাঠিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক আসলে বিজেপির হয়ে কাজ করেছে।” পার্থ আরো বলেন, “গুজরাত ও উত্তর প্রদেশের যখন ধর্ষণ ও গণহত্যার ঘটনা ঘটে তখন কেন এ্যাডভাইজারি নোট পাঠায় না মোদি সরকার? কিন্তু শান্ত বাংলাকে অশান্ত করতে বারবার এই ধরনের কাজ করে বাংলাকে অপমানের চেষ্টা করছে বিজেপি।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে তোপ দেগে শিক্ষামন্ত্রী অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী তো বিজেপির সভাপতি। তিনি এইভাবে অ্যাডভাইজারি নোট পাঠিয়ে রাজ্যকে সাহায্য করছেন না। বরং বিজেপির জল্লাদ বাহিনীকে সাহায্য করছেন।” ২০১৪ সাল থেকেই কেন্দ্রীয় সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাকে অশান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন পার্থ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে পাওয়া অ্যাডভাইজারি নোটের কারণে জাতীয় রাজনীতিতে যে রাজ্য সরকারের ভাবমূর্তি কলুষিত হবে, তা ভালই বোঝে তৃণমূল নেতৃত্ব। তাই আগেভাগেই সরকারের এই পদক্ষেপের বিরোধিতা জনসমক্ষে জানিয়ে রাখল তারা। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news