চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পুলিশের হাতে শিখ সম্প্রদায়ের অপমানের ঘটনায় এবার সরব হলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ও শিরোমনি অকালি দলের (Shiromani Akali Dal) প্রধান সুখবীর সিং বাদল। বৃহস্পতিবার ‘নবান্ন চলো’ (Nabanna Chalo) অভিযানে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে নিগৃহীত হন যুবক বলবিন্দর সিং। তাঁর লাইসেন্স ওয়ালা পিস্তলটি যেমন কেড়ে নেওয়া হয়, তেমনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে খুলে নেওয়া হয় ওই শিখ যুবকের পাগড়ী। সেই ভিডিওটি দেশজুড়ে ভাইরাল হয়। শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাতের জন্য সমালোচিত হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ পুলিশ (West Bengal Police)। পাঞ্জাবের কংগ্রেসের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের (Amrinder Singh) মিডিয়া উপদেষ্টা রবীন ঠুকরাল টুইট করে বলেছেন, “পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং বলেছেন, এটা ঠিক হয়নি। পশ্চিমবঙ্গ পুলিশের হাতে এক শিখ যুবকের গ্রেফতারির সময় তাঁর পাগড়ি খুলে ফেলা হয়েছে। ওই যুবকের মানহানির ঘটনায় স্তম্ভিত মুখ্যমন্ত্রী। এই কাণ্ড যিনি ঘটিয়েছেন সেই পুলিশকর্মী শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে আবেদন করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।”
Strongly condemn the vicious attack on a Sikh security official Balwinder Singh & disrespect of his #turban by West Bengal Police. The dishonour has infuriated Sikhs across the world. I urge @MamataOfficial ji to take exemplary action against the erring policemen. pic.twitter.com/o0QUP9pnWJ
— Sukhbir Singh Badal (@officeofssbadal) October 9, 2020
অন্যদিকে, বিষয়টি নিয়ে শিরোমণি অকালি দলনেতা সুখবীর সিং বাদলও (Sukhbir Singh Badal) এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন। তাঁর কথায়, কোনও ধর্মকে আঘাত করে কোনও কাজ করা উচিত নয় প্রশাসনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের। তিনি টুইট করে বলেন, “শিখ দেহরক্ষী বলবন্দর সিংয়ের উপর পশ্চিমবঙ্গ পুলিশের আক্রমণ ও তাঁর পাগড়ি খুলে নেওয়ার ঘটনার কড়া নিন্দা করি। এই ঘটনা গোটা বিশ্বের শিখ সম্প্রদায়কে খেপিয়ে তুলেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানাই।” প্রসঙ্গত, বিষয়টি নিয়ে শুক্রবার রাতে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্যে ক্ষোভ জানিয়ে টুইট করেন। ভারতীয় ক্রিকেটের টারবুনেটর একটি টুইটকে রিটুই করে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কিন্তু ঠিক নয়। বিষয়টি দেখুন।” এরপরই তাঁর রাগ বোঝাতে কয়েকটি ক্রুদ্ধ হওয়ার ইমোজি দিয়েছেন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসার পর এমনিতেই চাপে পড়ে ছিল পশ্চিমবঙ্গ সরকার ও পুলিশ। হরভজনের টুইট প্রকাশ্যে আসার পর ঘটনায় নতুন করে ঘি পড়েছে।
বৃহস্পতিবার বিজেপির নবান্ন অভিযানে যে যুবকের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল সেটি বলবিন্দর সিং নামের এক যুবকের। তিনি পাঞ্জাবের বাসিন্দা। ব্যারাকপুরের বিজেপি নেতা প্রিয়াঙ্গুর সিংয়ের দেহরক্ষী তিনি। একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যায় এই যুবকের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হচ্ছে। এবং সেই সময়ে তাঁর মাথায় বাঁধা পাগড়ি খুলে যাচ্ছে। এই নিয়েই শিখ সমাজে আলোড়ন পড়ে গিয়েছে। চাপে পড়ে শুক্রবার রাতেই টুইট করে নিজেদের পক্ষ থেকে সাফাই দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। সেখানে লেখা হয়েছে, “ইচ্ছাকৃতভাবে পুলিশ ওই যুবকের পাগড়ী খুলে নেয়নি। ধস্তাধস্তিতে পাগড়ি খুলে যায়। ঘটনায় পুলিশের কোনও ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিপ্রায়ে ছিল না।” পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে এমন সাফাই দেওয়া হলেও ঘটনাটি নিয়ে শিখ সম্প্রদায়ের ক্ষোভ যে প্রশমিত হয়নি তা স্পষ্ট হয়ে গিয়েছে পাঞ্জাবের দুই ভিন্ন মেরুর রাজনৈতিক দলের এহেন প্রতিক্রিয়ায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news