চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
“কে কার সঙ্গে যোগাযোগ রাখছে, আমি সব জানি।” এভাবেই বিদ্রোহী শুভেন্দু অধিকারীর উদ্দেশ্য কড়া বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার দুপুরে বাঁকুড়ার জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অনেকেই বলছেন, এই জেলায় পর্যবেক্ষক কে, ওই জেলায় পর্যবেক্ষক কে। আমি বলছি সারা বাংলায় আমিই পর্যবেক্ষক। কোথায় কী হচ্ছে, কে কোথায় যাচ্ছে, কে কার সঙ্গে যোগাযোগ রাখছে, আমি সব জানি। সব বুঝেও তাঁদের ছেড়ে রেখেছি।’’ তৃণমূল নেত্রী এ দিন আরও বলেন, ‘‘এত দিন সরকারের কাজে বেশি মন দিয়ে দলকে একটু ঢিলে দিয়েছিলাম। কিন্তু এ বার পুরো দলটাই আমি দেখব। এই বাঁকুড়ার মাটি থেকেই সেই কাজ শুরু করলাম আমি।’’
প্রসঙ্গত, ২৩ জুলাই সাংগঠনিক রদবদলের পর তুলে দেওয়া হয় তৃণমূলের (TMC) জেলা পর্যবেক্ষকের পদ। ফলে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হাতে থাকা ছয়টি জেলার পর্যবেক্ষকের দায়িত্ব এক লহমায় শেষ কেড়ে নেওয়া হয়। শুভেন্দু অনুগামীরা দাবি তুলেছেন তাঁকে ছয়টি জেলার পর্যবেক্ষকের দায়িত্ব ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু, এদিন মুখ্যমন্ত্রী সাফ করে দিয়েছেন, আর পর্যবেক্ষকের পদ তৃণমূলে রাখা হবে না। যা করবেন তিনি করবেন। সঙ্গে শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপির যোগের যে খবর রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে, সেই প্রসঙ্গেও তিনি যে অবগত তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি।
অমিত শাহের (Amit Shah) বাঁকুড়া সফরকে কটাক্ষ করে মমতা বলেন, ‘‘ফাইভ স্টার হোটেলের রান্না করা খাবার নিয়ে এসে লোক দেখাচ্ছে।’’ তিনি আরও বলেন, আমিও তো গিয়েছিলাম। আদিবাসী বাড়িতে। তাঁদের খাটিয়ায় বসেছিলাম। তাঁদের সঙ্গে কথা বললাম।’’ তিনি আরও বলেন, বলেন, ‘‘আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। বাংলায় একটাও আসন পাবে না বিজেপি। আমি জেলে থাকলেও তৃণমূলকে জেতাব।’’ মমতার দাবি, “আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কৃষকদের প্রকল্পের টাকা চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছিলাম। বলেছিলাম, রাজ্যকে টাকা পাঠিয়ে দিন, আমরা কৃষকদের দিয়ে দেব। কিন্তু তাঁরা টাকা পাঠায়নি।” তিনি আরও বলেছেন, “কেন্দ্র বাংলা থেকে করের টাকা নিয়ে যায়। সেই টাকাই আবার রাজ্যকে দেয়। আলাদা করে কিছুই দেয় না।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news