চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
“সাত কোটির বাড়িতে থাকেন খোকাবাবু। আমি অন্যের বাড়িতে থাকি।” সোমবার সকালে এভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। রবিবার ডায়মন্ড হারবারের জনসভায় বিজেপির (BJP) বিরুদ্ধে সুর সপ্তমে চড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, অমিত শাহদের নাম করে তাঁদের কাউকে ‘গুন্ডা’, কাউকে ‘বহিরাগত’ বলে চিহ্নিত করেন তিনি। সেই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, বললেন, ”কে গুন্ডা, তা আমরা পঞ্চায়েত নির্বাচনে দেখেছি। আমাকে গুন্ডা শুধু নয়, মাফিয়াও বলেছে উনি। নিজে সাত কোটি টাকার বাড়িতে থাকেন, আমি অন্যের বাড়িতে থাকি। কে মাফিয়া, বোঝা যাচ্ছে। ওঁর কনভয়ে ২৫টা গাড়ি থাকে, আর কী কী থাকে সবাই জানে। এতেও কে মাফিয়া, তা বোঝা যাচ্ছে। আসলে হতাশা চরম পর্যায়ে চলে গিয়েছে।”
গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তাঁকে কেন ভাইপো বলা হচ্ছে ? সাহস থাকলে নাম নিন। জবাবে বিজেপি (BJP) সভাপতি বলেন, ”আমি তো ‘ভাইপো’ বলছি না, ‘খোকাবাবু’ বলছি। কোলে চড়ে রাজনীতিতে এসেছেন, এখনও কোলেই আছেন। যাঁরা এতদিন দলটার জন্য রক্ত দিল, ঘাম দিল, শ্রম দিল, তাঁরা আজ ব্রাত্য! আর উনি কোলে চড়ে রাজনীতিতে এসে এমপি হয়ে গেলেন!” প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির শীর্ষ নেতারা বার বার ‘ভাইপো’ বলে আক্রমণের নিশানা করেছেন সাংসদ অভিষেককে। নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে এ দিন জনসভায় সেই প্রসঙ্গ টেনে তাঁদেরও চ্যালেঞ্জ করে অভিষেক বলেন, ‘‘সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার বুকের পাটা নেই প্রধানমন্ত্রীর। বিজেপির ছোট, বড়, মেজো নেতাদেরও নেই। যাঁরা নিয়েছিলেন, আদালতে তাঁদের জবাব দিয়েছি। আবার নিলে আদালতে জবাব দেব।’’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news