চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ঘোষণা মাফিক অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আর্থিক প্যাকেজ ঘোষণার কাজ শুরু করেছেন। বুধবার দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে তিনি প্যাকেজ পর্বের সূচনা করেছেন। প্যাকেজ ঘোষণার পর কেন্দ্রীয় সরকারি এই উদ্যোগকে ‘অশ্বডিম্ব’ বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “সবাই ভেবেছিল, রাজ্যগুলি হয়তো কিছু পাবে। কিন্তু শেষপর্যন্ত অশ্বডিম্ব প্রসব করল। ১০ হাজার কোটি টাকা বাদ দিলে দেখবেন টোটালটাই বিগ জিরো।”
মুখ্যমন্ত্রী বলেন, “মন্দা শুরু হয়ে গিয়েছে। কিন্তু সামাজিক প্রকল্পে খরচ বাড়ানো, কোভিড মোকাবিলায় রাজ্যকে সাহায্য করার জন্য টাকা দেওয়া, টাকা ট্রান্সফার কিছুই বলল না কেন্দ্র। এই দুর্যোগের সময়েও মানুষকে ধোঁকা ও ভাঁওতা দেওয়া হয়েছে”। তিনি বলেন, “কৃষি ঋণে কোনও ছাড় দেওয়া হয়নি। আমরা যে এফআরবিএম-এর লিমিট ৫ শতাংশ করার দাবি জানিয়েছিলাম, তাও মানা হয়নি। শূন্য থালি নিয়ে কি মানুষের পেট ভরবে!” মমতা বলেন, “এমএসএমই আগামি দিনে থাকবে কি না আমি জানি না। এটা আই ওয়াশ।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news