চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
লকডাউন কাটলেই কি শুটিং শুরু হবে?
টালিগঞ্জের স্টুডিওপাড়ায় (Tollygunj Studio Area) এটাই এখন কোটি টাকার প্রশ্ন। বিগত দেড় মাস ধরে লকডাউনে আটকে রয়েছে বহু সিনেমা এবং ধারাবাহিকের কাজ। শুটিং তো দূরের কথা, পোস্ট প্রোডাকশনের কাজেও লকডাউন জারি হয়েছে। তবে এই পর্বের তৃতীয় ধাপের পরই এবার বোধহয় সুদিন দেখতে চলেছে ইন্ডাস্ট্রি। যদিও সেই ‘সুদিনের আনন্দ’ খানিক আংশিকই বটে! কারণ, শুটিংয়ের অনুমতি না মিললেও সচেতনতা বজায় রেখে পোস্ট প্রোডাকশনের কাজ (এডিটিং, ডাবিং, সাউন্ড মিক্সিং-সহ বেশ কিছু কাজ) শুরু হবে বলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।
“সরকারের তরফ থেকে নির্দেশিকা না আসা পর্যন্ত শুটিং শুরু করার কোনও প্রশ্নই নেই”, এমনটাই জানানো হয়েছিল সিনে ফেডারেশন, প্রযোজকদের সংগঠন এবং আর্টিস্টস ফোরামের পক্ষ থেকে। তাই কাজ শুরু করার অনিশ্চয়তা ক্রমশ বেড়েই চলছিল।
অবশেষে সুখবর এল টলিউড ইন্ডাস্ট্রিতে। শুটিং শুরু না হলেও সিনেমা এবং সিরিয়ালের পোস্ট প্রোডাকশনের কাজ চালু করা যাবে। তবে অবশ্যই কনটেনমেন্ট জোনের বাইরের অঞ্চলগুলিতে। রাজ্য সরকারের তরফে এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে টলিউডের পরিচালক-প্রযোজকরা যে বেশ উপকৃত হবেন, তা হলফ করে বলাই যায়। কারণ, শুটিং শেষ হয়ে গেলেও এতদিন পোস্ট প্রোডাকশনের কাজ আটকে ছিল লকডাউনের জন্য। অতঃপর লকডাউন পর্ব শেষ হলে তড়িঘড়ি ছবি মুক্তির জন্য যে পোস্ট প্রোডাকশনের কাজ সারতে নির্মাতাদের নাভিঃশ্বাস উঠত তা বলাই যায়। উপরন্তু পোস্ট প্রোডাকশনের কাজ দেরি হওয়া মানেও সিনেমার মুক্তি আরও পিছিয়ে যাওয়া। উপরন্তু করোনার জন্য বহু ছবির মুক্তি বাতিল হয়েছে গোটা এপ্রিল, মে, জুন মাসজুড়ে। তাই পোস্ট প্রোডাকশনের কাজটা এগিয়ে থাকলে, সেই দিকটা অন্তত নিশ্চিন্ত হতে পারবেন পরিচালক – প্রযোজকরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news