নীল রায়:
বাংলাকে বঞ্চিত করেছেন নরেন্দ্র মোদি। এমনটাই অভিযোগ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আন্দুলে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এক জনসভা করেন মমতা। সেখানেই হাওড়া কেন্দ্রে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য জয়ী করার আবেদন জানান তিনি। সঙ্গে গত পাঁচ বছরে নরেন্দ্র মোদি সরকার যে বাংলাকে আর্থিকভাবে ব্যাপক বঞ্চনা করেছে তার অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “গত পাঁচ বছরে বাংলাকে বঞ্চনা করতে ছাড়েনি দিল্লির সরকার। আমরা অনেক আবেদন করেছি কিন্তু কোনও কাজ হয়নি। খালি মুখে বড় বড় কথা বলে গিয়েছে।” যদিও এই হাওড়া জেলার পাঁচলাতেই জনসভা করে অমিত শাহ দাবি করেন, “মনমোহন সিংহ সরকারের অংশ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সরকার পাঁচ বছরে পশ্চিমবঙ্গকে ১ লক্ষ ৩২ হাজার কোটি টাকা দিয়েছিল।” পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, “নরেন্দ্র মোদি সরকার এই পাঁচ বছরে ৪ লক্ষ ৩৪ হাজার কোটি টাকা রাজ্য সরকারকে দিয়েছে।
এদিনের সভায় মমতা আরও বলেন,”হোমওয়ার্ক না করে মিথ্যা বলে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘৩৪ বছর ধরে বাংলায় কম অত্যাচার করেনি সিপিএম। লড়াই করে তাদের সরিয়েছি আমরা। সেই সিপিএমের হার্মাদরা আজ বিজেপির ওস্তাদে পরিণত হয়েছে। আর সিপিএম-এর মতো অত্যাচার করছে বিজেপি। নিজেরা কপ্টারে চেপে ঘুরে বেড়াচ্ছে। সাত দফায় নির্বাচন করে বাংলার মানুষকে হেনস্থা করছে ওরা।’’ গুজরাত দাঙ্গা নিয়ে এর আগে বহুবার নরেন্দ্র মোদিকে আক্রমণ করেছেন মমতা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘উত্তরপ্রদেশ ও গুজরাতে দাঙ্গা করিয়ে বহু মানুষ খুন করিয়েছে বিজেপি। তৃণমূলের ব্লক সভাপতিদের যে যোগ্যতা রয়েছে, মোদি-শাহ তাঁর ধারে কাছেও আসেন না।’’ তিনি আরও বলেন, “বিজেপি এখন ফেক পার্টি হয়ে গিয়েছে। বিজেপি মিথ্যাবাদী এবং দাঙ্গাবাজদের দল। মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করতে চাইছে বিজেপি।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news