নিজস্ব সংবাদদাতা:
বিজেপি ভোটব্যাঙ্কের রাজনীতি করে না, তাঁদের কাছে গুরুত্বপূর্ণ দেশের সুরক্ষা, বুধবার কল্যাণীর জনসভায় জানিয়ে দিলেন অমিত শাহ। এদিন অমিত শাহ সাফ কথা, ‘বিজেপির কাছে ভোট ব্যাঙ্ক গুরুত্বপূর্ণ নয়, দেশের সুরক্ষা গুরুত্বপূর্ণ।’ কিন্তু হঠাৎ একথা কেন? পরের বক্তব্যে স্পষ্ট হয় বিষয়টা। শাহ জানান, ‘বাংলায় শরণার্থীদের নাগরিকত্ব প্রদান করা হবে। মতুয়াদেরও নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু অনুপ্রবেশকারীদের বিতাড়িত করা হবে।’ এতে করে যে বেশ কিছু ভোট হারাতে হবে তা জেনেও বিজেপি এই নীতি থেকে সরছে না, বুঝিয়ে দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। উল্লেখ্য, রাজ্য রাজনীতিতে অনুপ্রবেশ নতুন বিষয় নয়। যেহেতু এরাজ্যে রয়েছে বাংলাদেশ সীমান্ত। এবং অনুপ্রবেশের কথা সমস্ত রাজনৈতিক দলের কাছে জেনেও না জানা! ভোটব্যাঙ্কের রাজনীতিতে যা অতি সাধারণ ঘটনা। সেখানে অমিতের বক্তব্য ও বিজেপির কৌশল যে হাওয়ার বিপরীত, তা বলা বাহুল্য।
অমিত শাহ এদিন আত্মবিশ্বসের সঙ্গে বলেন, ‘সারা দেশে মোদির নামে স্লোগান চলছে, দেশবাসী আশীর্বাদ করছেন। দেশের সুরক্ষার জন্য মোদিজিকে প্রয়োজন।’ পাশাপাশি বিভিন্ন বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সরকারকে তোপ দাগেন তিনি। বলেন, ‘দেশের গরিব মানুষদের জীবন বদলে দিয়েছেন প্রিয় নরেন্দ্র মোদি। আর বাংলায় গণতন্ত্র ধ্বংস করেছেন মমতা দিদি।’ অমিতের হুঙ্কার, ‘কতদিন বিজেপিকে আটকে রাখবেন মমতা ব্যানার্জি? ২৩ মে ভোটের ফল বেরোবার পর দিদির জামানা শেষ হয়ে যাবে।’ চিটফান্ড প্রসঙ্গ তুলে বিজেপি সভাপতি বলেন, ‘তৃণমূলের অপশাসন, অত্যাচারের বিরুদ্ধে একমাত্র বিজেপি লড়তে পারবে। মোদিজি দেখিয়ে দিয়েছেন, পাকিস্তানে ঢুকে কিভাবে জঙ্গিদের শাস্তি দিতে হয়।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news