নীল রায়:
“ক্ষমতায় ফিরলে ৯০ দিনের মধ্যে চিটফান্ড কেলেঙ্কারির নায়কদের শাস্তি দেবে নরেন্দ্র মোদি সরকার।” বুধবার পাঁচলায় হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্তর সমর্থনে জনসভায় অংশ নিতে এসে এমনই প্রতিশ্রুতি দিয়ে গেলেন বিজেপি সভাপতি অমিত শাহ। সভার শুরুতেই দেরিতে আসার জন্য উপস্থিত কর্মী সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নেন তিনি। এদিন কল্যাণীর জনসভা সেরে হাওড়ার জনসভায় যোগ দিতে আসেন বিজেপি সভাপতি। সেখানে তিনি বলেন, “নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় এলে ৯০ দিনের মধ্যে চিটফান্ড কেলেঙ্কারির নায়কদের বিচার হবে।” অমিত শাহ আরও বলেন, “চিটফান্ড কাণ্ডে অভিযুক্তদের উল্টো করে টাঙিয়ে তাদের কাছ থেকে হিসেব চাওয়া হবে। গরিব জনতার অনেক টাকা চিটফান্ড কেলেঙ্কারিতে মেরে দিয়েছে তৃণমূলের নেতারা। তাদেরকে আর কোনওভাবেই রেয়াত করা হবে না।”
উল্লেখ্য, নদীয়ার তাহেরপুরের জনসভা করতে এসে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিও এই আশ্বাস দিয়েছিলেন উপস্থিত জনতাকে। তাঁর ঘোষণা ছিল ২৩ মে নরেন্দ্র মোদির সরকার ক্ষমতায় ফিরলে, সেদিন থেকেই রাজনীতিক নেতা আধিকারিক সহ সমস্ত চিটফান্ড কেলেঙ্কারিতে অভিযুক্তদের বিচার হবে। এদিন যেন আরও একধাপ এগিয়ে প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতিকেই কার্যত ঘোষণা করে গেলেন অমিত শাহ। অন্যদিকে বুধবার হাওড়ার আন্দুলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের জনসভায় অভিযোগ করেন, গত পাঁচ বছরে নরেন্দ্র মোদি সরকার রাজ্যকে আর্থিক সাহায্য দেয়নি। পাঁচলার মাটিতে দাঁড়িয়ে ফের তার উত্তর দেন বিজেপি সভাপতি। অমিত শাহ বলেন, “মনমোহন সিং সরকারে অংশ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সরকার পাঁচ বছরে পশ্চিমবঙ্গকে এক লক্ষ ৩২ হাজার কোটি টাকা দিয়েছিল।” পরিসংখ্যান দিয়ে তিনি আরও বলেন, “নরেন্দ্র মোদি সরকার এই ৫ বছরে চার লক্ষ ৩৪ হাজার কোটি টাকা রাজ্য সরকারকে দিয়েছে। এবার আপনারাই বিচার করুন নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গকে বঞ্চিত করেছেন, না করেননি। আপনাদের কাছে সেই টাকা পৌঁছেছে কিনা তা আপনারাই বিচার করবেন। নাকি মাঝখানে তৃণমূলের নেতারা সেই টাকা মেরে দিয়েছে।” মোদি সরকারের প্রত্যাবর্তন হলে যে গোটা দেশেই এনআরসি চালু হবে তা আবারও জোরালোভাবে বলে দিয়ে যান অমিত শাহ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news