ওয়েব ডেস্ক:
বাংলাকে অশান্ত করার পরিকল্পনা নিয়েছে বিজেপি। এই কাজে তাদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় সরকারও। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার ভাষায়, বাংলাকে গুজরাত বানানোর চেষ্টা চলছে। প্রশাসনিক কর্তাদের সঙ্গে নবান্নে আজকের বৈঠকের পর মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রের শাসকদল বিজেপিকে যৌথভাবে আক্রমণ শানান। একই সঙ্গে জানিয়ে দেন, রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার সব রকম চেষ্টা তিনি করছেন।
মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, ‘সোশ্যাল নেটওয়ার্ক, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ব্যবহার করে কোটি কোটি টাকা ঢেলে কেন্দ্রীয় সরকার দাঙ্গা লাগানোর চেষ্টা করছে।’
এদিন বিজেপির বিরুদ্ধে সরাসরি একগুচ্ছ অভিযোগ আনেন মমতা। বলেন, ‘দুজন মারা গেলে বলে দিচ্ছে ৫ জন। নিখোঁজের নাম ঠিকানা দাও।’ মুখ্যমন্ত্রী দাবি করেন, ‘বাংলা শান্তিতে আছে। আজও মেয়েরা রাতে ঘুরে বেড়ায়। এত গুন্ডামি করেও।’
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এত চেষ্টা করেও, পরিকল্পনা করে, সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে, ২৫,০০০-৩০,০০০ কোটি টাকা এক এক জনের হাতে দিয়ে, ইনকাম ট্যাক্সের ভয় দেখিয়ে, ইডির ভয় দেখিয়ে, সিবিআইয়ের ভয় দেখিয়ে, কাউকে ফোন করে বলছে পেট্রল পাম্প দেব। আর ১০-১৫ দেব। ১০-১৫ কী বুঝে নিন। এটা রাজনীতি হচ্ছে? এই রাজনীতি দেশে চলে না।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news