ওয়েব ডেস্ক:
সন্দেশখালি কাণ্ড নিয়ে সরাসরি কিছু না বললেও সোমবার রাজ্যের জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে পুলিশকে কড়া হতে নির্দেশ দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, কোনও গুন্ডামি বরদাস্ত করবে না সরকার।
তবে আলাদা করে সন্দেশখালি নিয়ে প্রশ্ন তুললে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা খবর পাচ্ছি কিছু কিছু জায়গায় ওসি বা সাব ইন্সপেক্টররা দায়িত্ব পালন করছেন না। অনেকে ভাল কাজ করছেন। তবে তিন-চারটে জেলায় এই সমস্যাটা হচ্ছে। কারা এসব করছে তা আমরা খোঁজ করছি। কারা ব্যবস্থা গ্রহণ করছে না, কারা গুন্ডামিকে মদত দিচ্ছে, এর পিছনে কী খেলা আছে সেটাও লক্ষ্য রাখছি। কড়া হাতে মোকাবিলা করব।’
একইসঙ্গে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তথা বিজেপিকে কটাক্ষের সুরে মুখ্যমন্ত্রী বলেন, ‘বেঙ্গল গুজরাত নয়। লোকসভা নির্বাচনের পর থেকে উত্তর প্রদেশে ২৫ জন যাদব সম্প্রদায়ের মানুষ মারা গিয়েছে। শিশুরা খুন হচ্ছে। আমরা এটা চাই না।’
যদিও লোকসভা নির্বাচনের পর থেকে বাংলাতেও হিংসার ঘটনা কিছু কম ঘটেনি। প্রায় প্রতিদিন নিয়ম করে রাজনৈতিক সংঘর্ষে চলছে রাজ্যের বিভিন্ন জেলায়। সম্প্রতি উত্তর ২৪ পরগনার ন্যাজাটে দু’পক্ষের সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত ৩ জনের। এদের মধ্যে ২ বিজেপি কর্মী ও ১ তৃণমূলকর্মী। একের পর এক এমন ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news