নিজস্ব সংবাদদাতা।
“ফ্যাসিস্ট সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে !” জেএনইউয়ে (JNU) এসএফআই নেত্রী ঐশী ঘোষ (Oishi Ghosh) ও ছাত্রছাত্রীদের ওপর হামলার ঘটনাকে এভাবেই ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলা সফরে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই বললেন তিনি। মমতা বলেন, “প্রথমে বিজেপির গুন্ডারা গিয়ে ছাত্রছাত্রীদের ওপর হামলা করল। তারপর দিল্লি পুলিশ পুরোপুরি নিষ্ক্রিয়। বোঝাই যাচ্ছে কারা এমন কাণ্ড ঘটিয়েছে। আসলে দিল্লি পুলিশ তো আর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের হাতে নেই। তাই পুলিশ এই ঘটনায় চুপ করে বসে আছে।” এর সঙ্গে তাঁর সংযোজন, “এটা ফ্যাসিস্ট সার্জিক্যাল স্ট্রাইক।”
ছাত্র সমাজের ওপর হামলাকরীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় বিজেপি সরকারকে কাঠগড়ায় তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “সিআইএসএফ-কে বিজেপি নেতাদের সুরক্ষার জন্য মোতায়েন করা হয়েছে। অথচ তারা দেশের জন্য কাজ করার কথা। আমাদের রাজ্যে বিজেপি নেতাদের জন্য কত সিআইএসএফ (CISF) দেওয়া হয়েছে, খোঁজ নিন।” বিরোধী রাজনৈতিক দলগুলোর কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে বলেও এদিন তোপ দাগলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপির বিরুদ্ধে কথা বললেই পাকিস্তানের লোক বলা হচ্ছে। পাকিস্তান ধর্মীয় ভাবে গোড়া একটি দেশ। আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ধর্মনিরপেক্ষতায় আমরা গর্ব করি। কিন্তু, দেশের সেই চরিত্র নষ্ট করে দেওয়া হচ্ছে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news