ওয়েব ডেস্ক:
জিয়াগঞ্জ হত্যাকাণ্ডে মুখ খুললেন অপর্ণা সেন। এদিন এক টুইট বার্তায় ‘ম্যাডাম মুখ্যমন্ত্রীর’ কাছে অপরাধীদের শাস্তির দাবি তুললেন তিনি।
উল্লেখ্য, সাম্প্রতিককালে একাধিক ক্ষেত্রে অপর্ণা সেনকে পথে নামতে দেখা গিয়েছে। এনআরএস কাণ্ড থেকে ভাটপাড়ার উত্তেজনার ঘটনা নিয়েও রাজ্যের মুখ্যমন্ত্রীকে বার্তা দেন এই পরিচালক ও অভিনেত্রী। পাশাপাশি গোটা দেশে বেড়ে চলা গণপিটুনির ঘটনা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেন দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্টজনেরা, সেখানেও নাম ছিল অপর্ণার। এবার মুর্শিদাবাদের জিয়াগঞ্জে আরএসএস কর্মী ও তাঁর পরিবারের নৃশংস খুনের ঘটনায় মুখ খুললেন অপর্ণা।
Pregnant wife & child of RSS man slaughtered in our own WB! Whatever the reason for such a gruesome act, shame on us! Madam CM! Pls ensure the perpetrators are brought to justice! Irrespective of political inclinations, all citizens of WB are ur responsibility. U are CM to all!
— Aparna Sen (@senaparna) October 11, 2019
নিজের টুইটার অ্যাকাউন্টে অপর্ণা সেন লেখেন, ‘গর্ভবতী স্ত্রী ও সন্তান সহ আরএসএস কর্মীর খুন আমাদের পশ্চিমবঙ্গে! এই নারকীয় ঘটনার যে কারণই হোক, আমাদের কাছে তা তীব্র লজ্জার! ম্যাডাম মুখ্যমন্ত্রী! দয়া করে দোষীদের শাস্তি নিশ্চিত করুন।’ আরও লেখনে, ‘রাজনৈতিক রঙের ঊর্ধ্বে সমস্ত পশ্চিমবঙ্গবাসীর দায়িত্ব আপনার কাঁধে। আপনি সকলের মুখ্যমন্ত্রী।’
প্রসঙ্গত, বাম বুদ্ধিজীবী গোষ্ঠীর সদস্য হিসাবে পরিচিত হলেও অপর্ণা সেনকে নন্দীগ্রামের ঘটনায় তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মসনদে এলে শুরুতে তাদের বহু অনুষ্ঠানে দেখা যায় অভিনেত্রীকে। পরবর্তীকালে এনআরএস থেকে ভাটপাড়া ইস্যুতে মতানৈক্য প্রকাশ্যে আসে। এবার আরএসএস কর্মী ও তাঁর পরিবারের খুনের ঘটনায় সরাসরি মমতাকে রাজধর্ম পালনের আবেদন জানালেন অপর্ণা সেন। যা বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিক বলেই মনে করছেন অনেকেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news