নিজস্ব প্রতিনিধি :
দুটো ঠিকানা। দুটোই দিল্লির ঠিকানা। দুটো ঠিকানার সঙ্গেই এরাজ্যের একটা যোগ রয়েছে। একটা ঠিকানা হল, ১৮৩ সাউথ অ্ভিন্যিউ, নিউ দিল্লি-১১০০১১। এই ঠিকানায় যিনি বসবাস করেন তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সংসদ ও তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। দ্বিতীয় ঠিকানাটি হল, পণ্ডিত উমাশংকর দীক্ষিত মার্গ, ডিপ্লোম্যাটিক এনক্লেভ, চানক্যপুরী, নিউ দিল্লি-১১০০১১। এই ঠিকানায় রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের দিল্লির অতিথিনিবাস। যার পোশাকি নাম বঙ্গভবন ২। কিন্তু কেন হঠাৎ করে এই দুই ঠিকানা নিয়ে আলোচনা! আলোচনার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মুকুল রায়ের সঙ্গে বিরোধ হওয়ার পর থেকে দিল্লি এলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিকানা হয় ১৮৩ সাউথ এভিনিউ, অর্থাৎ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এ যাবৎকাল এই রুটিনে কোনও ছেদ পড়েনি। কিন্তু সেই রুটিনে ছেদ পড়লো মুখ্যমন্ত্রীর শেষ দিল্লি সফরে। নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে ১৬ জুন দিল্লি গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অভিষেকের বাড়িতে না উঠে, মুখ্যমন্ত্রী সটান গিয়ে উঠলেন একেবারে বঙ্গভবন ২-এ। কারণ হিসাবে জানিয়ে দেওয়া হল, অভিষেক দিল্লিতে না থাকার কারণেই মুখ্যমন্ত্রী তাঁর বাড়িতে না উঠে বঙ্গভবনে উঠেছেন। কিন্তু এর আগে একাধিকবার ভাইপোর অনুপস্থিতিতেই তাঁর বাড়িতে থেকেছেন মমতা। তাহলে এবার হঠাৎ স্থান পরিবর্তনের কারণ কী!
ঘটনাটি আপাতভাবে আর পাঁচটা ঘটনার মত সাধারণ হলেও, পাশাপাশি আরও কিছু রাজনৈতিক পর্যবেক্ষণ ঘটনাটিকে কিছুতেই সাধারণ থাকতে দিচ্ছে না। রাজনৈতিক পর্যবেক্ষকদের একটা বড় অংশ এমনটাই মনে করছে।
প্রশ্ন উঠছে, এর আগেও অনেকবার অভিষেক দিল্লিতে না থাকা সত্ত্বেও মমতা তাঁর বাড়িতেই থেকেছেন, এবার কী হল!
পাশাপাশি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে দলের যুব সংগঠনের কড়া সমালোচনা করার পর, মমতার অভিষেকের বাড়ি এড়িয়ে চলার বিষয়টি অন্য মাত্রা পেয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news