নিজস্ব সংবাদদাতাঃ
লক্ষ্য ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আঞ্চলিক দলগুলিকে এককাট্টা করে বিজেপির বিরুদ্ধে লড়াই সংগঠিত করা। আর এর জন্য ফেডারেল ফ্রন্ট গঠনের ডাক দিয়ে এই ফ্রন্টকে সংঘবদ্ধ করতে সমস্ত আঞ্চলিক দলের নেতানেতৃদের এক জায়গায় আনতে প্রচেষ্টা চালিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো এর জন্য একাধিকবার দিল্লি সফরও করেছেন। রাজধানীতে বিভিন্ন আঞ্চলিক দলের নেতাদের সঙ্গে বৈঠকও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আগামী বছরের ১৯ জানুয়ারি কলকাতার ব্রিগেডে বিভিন্ন আঞ্চলিক দলকে নিয়ে মহা সমাবেশের ডাক দিলেন তৃণমূল নেত্রী। সূত্রের খবর, ওই সমাবেশে সমস্ত আঞ্চলিক দল, এমনকি বামেদেরও আমন্ত্রণ জানাতে চলেছে তৃণমূল কংগ্রেস। দলনেত্রীর ডাক দেওয়া এই সমাবেশকে সফল করতে এবার কোমড় বেঁধে নামছে দল।
সমাবেশের সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আগামী ১৬ নভেম্বর তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকের মূল বক্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, সভাপতি, ত্রিস্তর পঞ্চায়েতের সব স্তরের মূখ্য জনপ্রতিনিধি, মন্ত্রী, পুরসভার প্রধান, কাউন্সিলার, ব্লক স্তরের দায়িত্ব প্রাপ্তরা, দলের সব শাখা সংগঠনের দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত থাকবেন সভায়। এদিন সাংবাদিক সম্মেলনে সিবিআইয়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে দুর্নীতিগ্রস্ত সরকার অ্যাখ্যা দেন তিনি। বলেন, নিরপেক্ষ তদন্ত সংস্থাকে বিজেপি নষ্ট করতে চাইছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পৌর কমিটির সভাপতি করা হল ফিরহাদ হাকিমকে। ফিরহাদ হাকিম পুর মন্ত্রী হওয়ায় তাঁকে এই দায়িত্ব দেওয়া হল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news