চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
আর সপ্তাহ দুয়েক পরেই শুরু হচ্ছে ছাত্র জীবনের প্রথম যুদ্ধ- মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam)। পরীক্ষার একসপ্তাহ আগে, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে স্কুলে গিয়ে অ্যাডমিট কার্ড (Admit Card) সংগ্রহ করতে পারবে প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থীরা।
আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। আর আজ বিজ্ঞপ্তি দিয়ে জানালো মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education) অ্যাডমিট কার্ড দেওয়ার নির্দিষ্ট দিনক্ষণ, নিজেদের স্কুলেই মিলবে তাদের অ্যাডমিট।
মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে স্কুল থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে পরীক্ষার্থীরা। তার দু’দিন আগে থেকে মধ্যশিক্ষা পর্ষদের ক্যাম্প অফিস থেকে স্কুলগুলিকে দেওয়া হবে অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ডে তথ্যগত কোনও ভুল থাকলে তা সংশোধন করা যাবে, সেক্ষেত্রে আবেদন করতে হবে ২০ ফেব্রুয়ারির মধ্যে।
১৫ ফেব্রুয়ারি থেকে স্কুলে গিয়ে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীরা। ১৩ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদের ক্যাম্প অফিস থেকে স্কুলগুলিকে দেওয়া হবে অ্যাডমিট কার্ড।
আর ওই বিজ্ঞপ্তিতে কড়া বার্তা দেন পর্ষদ। পর্ষদ জানিয়েছেন,” মাধ্যমিকে পরীক্ষাকেন্দ্রে ভাঙচুরের কোনো অভিযোগ এলে ওই পরীক্ষার্থীকে রেজাল্ট দেওয়া হবে না। পরীক্ষার আগে পরীক্ষার্থীদের সচেতন করার দায়িত্ব শিক্ষকদের, পরীক্ষার (Exam) আগে এবং শেষে তুলতে হবে ছবি। ভাঙচুরের ঘটনা ঘটলে জানাতে হবে পর্ষদকে।”
মধ্যশিক্ষা পর্ষদের সূচি অনুযায়ী, আগামী ২৩ ফেব্রুয়ারি প্রথম ভাষার মধ্য দিয়ে শুরু হবে পরীক্ষা, দ্বিতীয় ভাষার পরীক্ষা হবে ২৪ ফেব্রুয়ারি। ২৫ ফেব্রুয়ারি ভূগোল,
জীবনবিজ্ঞান পরীক্ষা হবে ২৮ ফেব্রুয়ারি, আর ২ মার্চ হবে অঙ্ক, ৩ মার্চ ভৌতবিজ্ঞান ও ৪ মার্চ হবে ঐচ্ছিক পরীক্ষা।
কিন্তু রাজ্যে একটি উপনির্বাচনের জন্য দিনবদল হবে রাজ্যের মাধ্যমিক পরীক্ষায়। ২৭ ফেব্রুয়ারি সাগরদিঘিতে বিধানসভা উপনির্বাচন হবে , আর সেই দিনই রয়েছে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। পর্ষদের নোটিসে বলা হয়েছে, ‘বৃহত্তর জনস্বার্থে’ উপনির্বাচনের জন্য মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন বদল করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারির পরিবর্তে ১ মার্চ হবে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news